ধীরে ধীরে ভীড় বাড়ছে নিউটাউনের পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায়


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৮ নভেম্বর '২৬):- প্রাকৃতিক দুর্যোগ কেটে গিয়ে রৌদ্রজ্বল দিনের দেখা মিলতেই ধীরে ধীরে ভীড় বাড়তে শুরু করেছে নিউটাউনের 'সিটি স্কোয়ার গ্রাউণ্ড'-এর 'পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা ২০২৬-'২৭' প্রাঙ্গণে। আজ সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে বর্তমানে লোকসমাগম নেহাত মন্দ নয়।

বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর-এর আয়োজনে এই মুহূর্তে নিউটাউনের 'সিটি স্কোয়ার গ্রাউণ্ড'-এর ২,৫০,০০০ বর্গফুট এলাকা জুড়ে চলছে 'পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা ২০২৬-'২৭'। রাজ্যের প্রায় ৫ হাজার হস্তশিল্পী এই মেলায় অংশগ্রহণ করেছেন।

পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি উৎস দপ্তরের বিভাগীয় মন্ত্রী তাপস রায় ও একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে গত ১৯ নভেম্বর থেকে নিউটাউনে শুরু হয়েছে 'পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা ২০২৬-'২৭'। মেলা চলবে আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত।

মেলা কেমন চলছে এই বিষয়ে জানতে চাওয়া হলে হুগলি জেলার অন্যতম হস্তশিল্পী প্রিয়মা রায় ব্যানার্জি জানিয়েছেন, "মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে ঠিক কতটা ভীড় তা আপনারা নিজেদের চোখেই তো দেখছেন। আশা করছি এভাবেই দর্শনার্থী ও ক্রেতাদের ভীড় উত্তরোত্তর বৃদ্ধি পাবে।"

অন্যদিকে বাঁকুড়ার ডোকরা শিল্পী তপন সিংহ জানিয়েছেন, "ডোকরা শিল্পের উপর শহুরে রুচিশীল সমাজের আগ্রহ আগের থেকে এখন অনেকগুণ বেড়েছে, ফলতঃ এই বছর ব্যাবসা বাড়বে মনে হচ্ছে।"

আধুনিকতার ছোঁয়া গায়ে মেখে এই মেলার বেশিরভাগ বিক্রেতাই ক্রেতাদের ইউপিআই ব্যবস্থার মাধ্যমেও পণ্যসামগ্রী ক্রয়ের সুবিধা দিচ্ছেন। মেলা প্রাঙ্গণে হস্তশিল্পীরা শুধু তাদের শিল্পসামগ্রী নিয়েই বসে নেই, এখান ফুড কোর্টে হরেক রকমের খাবারও রয়েছে, মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের সুবিধার্তে মেলায় রয়েছে শৌচালয়ের ব্যবস্থাও। তাই হালকা শীতের আমেজ গায়ে মেখে মেলা প্রাঙ্গণে একবার ঘুরে আসাটা এই মুহূর্তে নেহাত মন্দ হবেনা।


Comments