নতুন প্রজাতির হাঙরকে চিহ্ণিত করতে সমর্থ হল জেড এস আই


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৩ নভেম্বর '২৬):- 'জুলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়া'-র নিজস্ব প্রকাশনা (ভলিউম ১২৬, ইস্যু ১এস ২০২৬)-র তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের বুকে বসবাসকারী এক নতুন প্রজাতির হাঙরকে চিহ্ণত করতে সমর্থ হয়েছে 'জুলজিক্যার সার্ভে অব ইণ্ডিয়া' সংক্ষেপে 'জেড এস আই' (ZSI) এবং 'আইসিএআর-সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট' (ICAR - CMFRI) -এর বিজ্ঞানীরা।

'ভারতের ভূবিজ্ঞান মন্ত্রক'-এর অধীনস্ত ডিপ ওশান মিশন-এর অর্থনৈতিক সহায়তায় এই গবেষণা কার্যটা সম্পন্ন করেছেন 'জেড এস আই-এর প্রবীণ রোজারিও, বিনেশ কে. কে., শ্বেতা বেউরা, অনিল কাশীনাথ এবং ধৃতি ব্যানার্জী সহ 'আইসিএআর-সিএমএফআরআই'-এর অখিলেশ কে ভি।

গবেষণা পত্রের আনুষ্ঠানিক উন্মোচনের পর 'জেড এস আই'-এর পক্ষ থেকে এক লিখিত বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "গত কয়েক দশক ধরে ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে বসবাসকারী বিশেষ এক শ্রেণীর হাঙরকে আমরা ভুলবশতঃ 'আটলান্টিক ব্র্যাম্বল শার্ক' যার বিজ্ঞান সম্মত নাম 'একিনোরহিনাস ব্রুকাস' রূপে চিহ্ণিত করেছিলাম। কিন্তু বাস্তবে এ হল 'একিনোরহিনাস রোইনি' (Echinorhinus Roinee) বা 'ইণ্ডিয়ান ব্র্যাম্বল শার্ক' (Indian Bramble Shark)।"

'জেড এস আই'-এর প্রকাশনা থেকে জানা গেছে, 'কেরালার কোল্লাম অঞ্চলের শক্তিকুলঙ্গারা মৎস বন্দরের মৎসজীবীরা গভীর সমুদ্রে চিংড়ি মাছ ধরার জন্য জাল ফেললে সেই জালে 'ইণ্ডিয়ান ব্র্যাম্বল শার্ক'-টা ধরা পড়ে।'

'জেড এস আই' সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, "জন্মগ্রহণের পর গাঢ় বাদামি থেকে কালচে দেহের অধিকারী এই হাঙরের গায়ে বড়ো কাঁটার মতো ডেন্টিক্যাল থাকে যা পূর্ণতা প্রাপ্তির সাথে সাথে একত্রিত হয়ে ধারালো পাত বিশিষ্ট অঙ্গে রূপান্তরিত হয়।

শুধু তাই নয় একই বর্গের অন্যান্য হাঙরের তুলনায় একদিকে যেমন এই শ্রেণীর হাঙরের চোখ ও শ্রোণী পাখনা বড়ো, তেমনই থুতনি থেকে ফুলকা পর্যন্ত অংশও দীর্ঘ।"

'একিনোরহিনাস রোইনি' সম্পর্কে কথা বলতে গিয়ে 'জেড এস আই'-এর নির্দেশক ডঃ ধৃতি ব্যানার্জি (Dr. Dhriti Banerjee, Director, ZSI) জানিয়েছেন, "পূর্ণতা প্রাপ্তির সময় সমুদ্রের মহাদেশীয় ঢালের ৩৫০ থেকে ৪০০ মিটার গভীরে বসবাসকারী এই হাঙরদের দেহের দৈর্ঘ্য দাঁড়ায় ৩ মিটারের আশেপাশে।"

বলে রাখা ভালো, গবেষণাপত্রের সহ লেখিকা তথা 'জেড এস আই'-এর নির্দেশক ডঃ ধৃতি ব্যানার্জি-র কন্যার নামানুসারে এই প্রজাতির নাম ‘ই রোইনি’ সংক্ষেপে 'রোইনি' রাখা হয়েছে।


Comments