বিভিন্ন বিভাগে এই বছরের দীপ সম্মান প্রদান করল ২৪×৭ তাজা সমাচার


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৮ নভেম্বর '২৬):- আলোর উৎসব দীপাবলি-কে সামনে রেখে এই বছরের 'দীপ সম্মান' প্রদান করল হিন্দী ডিজিট্যাল সংবাদমাধ্যম '২৪ × ৭ তাজা সমাচার' (२४×७ ताज़ा समाचार)।

সংস্থার তৃতীয় 'দীপ সম্মান' প্রসঙ্গে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে '২৪ × ৭ তাজা সমাচার'-এর স্বত্বাধিকারী সপ্তর্ষি বিশ্বাস (Saptarsi Biswas, Owner, 24×7 Taza Samachar) জানিয়েছেন, "ছটা পৃথক সংস্থা সহ একজন মহিলার হাতে এই বছর 'দীপ সম্মান' তুলে দিল '২৪ × ৭ তাজা সমাচার'।"

বলে রাখা ভালো, বছরের সেরা হাসপাতাল রূপে 'সারদা মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল', সেরা অলাভজনক বেসরকারী প্রতিষ্ঠান রূপে 'শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম', সেরা বিদ্যালয় রূপে বারাকপুরের 'অ্যাসেম্বলি অব ক্রাইস্ট স্কুল', সেরা রিসর্ট রূপে 'বৈদিক ভিলেজ স্পা রিসর্ট', সেরা নিরামিষ রেস্তরাঁ রূপে 'গ্রীণ মল গার্ডেন রেস্টুরেন্ট' সহ কালীপুজোর সেরা ভাবনা রূপে 'দ্য বারুই কালী পূজা' কর্তৃপক্ষ এবং সেরা সঞ্চালিকা রূপে 'মহুয়া অনলাইন ডায়েরি'-র কর্ণধার মহুয়া চক্রবর্তী এই বছর '২৪×৭ তাজা সমাচার'-এর 'দীপ সম্মান'-এ সম্মানিত হয়েছেন।

'২৪×৭ তাজা সমাচার'-এর পক্ষে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার রূপে স্মারক ও শংসাপত্র তুলে দেন ভারত সরকারের প্রতিরক্ষা বিভাগের সেবানিবৃত্ত আধিকারিক তথা 'জায়ের লনস'-এর প্রবন্ধক অশোক মুখার্জি এবং বিশিষ্ট উদ্যোগপতি সমীর দাস।

'বেস্ট হসপিটাল অব দ্য ইয়ার' বিভাগে দীপ সম্মান পাওয়ার পর ৩২ বর্ষে পদার্পণ করা 'সারদা মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল'-এর ব্যবস্থাপক নির্দেশক বিশ্বজিৎ রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আগামীদিনে ৫০০ শয্যা বাড়িয়ে ৭০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত হতে চলেছে 'সারদা মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল'। ইতিমধ্যে সরকারের কাছে পরিকল্পনার রূপরেখা জমা দেওয়া হয়ে গেছে।"

'বেস্ট এন জি ও অব দ্য ইয়ার' বিভাগে পুরস্কার পাওয়ার পর ৫২ বছরের পুরনো 'শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম'-এর সচিব আনন্দগোপাল দাস বাবাজী জানিয়েছেন, "এই সম্মান নরনারায়ণের সেবায় আমাদের আরো বেশি করে অনুপ্রেরণা জোগাবে।"

'বেস্ট স্কুল অব দ্য ইয়ার' বিভাগের স্বীকৃতি পাওয়ার পর বারাকপুরের 'অ্যাসেম্বলি অব ক্রাইস্ট স্কুল'-এর অধ্যক্ষা ডঃ বার্ণাডেট জন বলেছেন, "১৯৯৮ সালে পথচলা শুরু করার পর ধীরে ধীরে অথচ দৃঢ়তার সাথে উন্নতির শিখরের দিকে এগিয়ে চলেছে বিদ্যালয়। বিদ্যালয়ের প্রশাসক মণ্ডলী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীবৃন্দ সর্বোপরি ছাত্রছাত্রীদের ধৈর্য্য, নিষ্ঠা ও সময়ানুবর্তিতা ছাড়া এই সম্মান লাভ সম্ভব হত না।"

২৪ বছরের পুরনো 'বৈদিক ভিলেজ স্পা রিসর্ট'-এর হয়ে 'বেস্ট রিসর্ট অব দ্য ইয়ার' রূপে পুরস্কার গ্রহণের পর সংস্থার রন্ধনশিল্পের সহযোগী পরিচালক জাভেদ-উল-ইসলাম বলেছেন, "সংস্থার সহযোগী সহাধ্যক্ষ রাজীব রায়চৌধুরী-র আদেশ এবং নির্দেশ মেনে এগোনোর ফল রূপে আজ 'বৈদিক ভিলেজ স্পা রিসর্ট' 'বেস্ট রিসর্ট অব দ্য ইয়ার' রূপে খেতাব অর্জনে সমর্থ হল।"

এই বছর 'বেস্ট ভেজিটারিয়ান রেস্টুরেন্ট' রূপে সম্মানিত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাট রোডের শামুকখোলায় অবস্থিত 'গ্রীণ মল গার্ডেন রেস্টুরেন্ট'। রেস্তরাঁর তরফে সম্মান গ্রহণ করেছেন স্বত্বাধিকারী দীনেশচন্দ্র রাওয়াত।

অন্যান্য সংস্থার পাশাপাশি এই বছর কালীপুজোর 'বেস্ট থিম অব দ্য ইয়ার' স্বীকৃতি পেয়েছে হাওড়া জেলার দক্ষিণ বাকসাড়া এলাকার শরৎপল্লী-র 'দ্য বারুই কালী পূজা' কর্তৃপক্ষ। 

পুরস্কার গ্রহণের পর পুজো আয়োজকদের তরফে সমীরণ বারুই জানিয়েছেন, "এই বছর আমাদের কালী পূজা ৩৬ বছরে পা রাখল। 'খুশির দুনিয়া'-কে ভাবনায় রেখে আমরা আমাদের মণ্ডপ সাজিয়েছি।"

বলে রাখা ভালো, এই বছর এখানকার মণ্ডপ মূলতঃ সাতটা ভাগে বিভক্ত। রাস্তা থেকে মণ্ডপে পা রাখতেই থার্মোকল দিয়ে প্রস্তুত ছোটা ভীম এবং তার সঙ্গীদের মুখোমুখি হতে হবে দর্শনার্থীদের। তারপর একে একে নন্টে ফান্টে, টম অ্যাণ্ড জেরি, গোপাল ভাঁড়, ডোরেমন, মোটু পাতলু এবং শিনচ্যানের সাথে মোলাকাত হওয়ার পরেই এখানে দেবী মায়ের দর্শন লাভ সম্ভব।

মণ্ডপের বিভিন্ন চরিত্রদের সাথে পরিচিত করিয়ে দিতে দিতে পূজা কর্তৃপক্ষের তরফে শান্তনু ব্যানার্জি বলেছেন, "পেশাদার প্রতিষ্ঠিত শিল্পীদের পরিবর্তে স্থানীয় উৎসুক কলাপ্রেমী শিশু-কিশোর ও যুবক-যুবতীদের দীর্ঘদিনের পরিশ্রমেই সফল হয়েছে মণ্ডপ নির্মাণ পর্ব। আমরা চাই এখানকার স্থানীয় কিশোর-কিশোরীরা এভাবেই তাদের শিল্পকলা প্রদর্শনের মাধ্যমে জগতের স্বীকৃতি লাভ করুক।"

ছটা পৃথক সংস্থার পাশাপাশি এই বছর ব্যক্তিগত পর্যায়ে 'বেস্ট অ্যাঙ্কর অব দ্য ইয়ার' বিভাগে 'দীপ সম্মান' পাওয়ার পর 'মহুয়া অনলাইন ডায়েরি'-র স্বত্বাধিকারী মহুয়া চক্রবর্তী বলেছেন, "এই পুরস্কার আমাকে নতুনভাবে আরো ভালো কাজ করার প্রেরণা দেবে।" 


Comments