কলকাতা (১১ অক্টোবর '২৬):- দেবীপক্ষের প্রথম দিনেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের নরনারীদের হাতে প্রয়োজনীয় পোশাক তুলে দিল 'কর্মা সোস্যাল অ্যাণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট'।
চলচ্চিত্র পরিচালক বাদল সরকার, বৈদিক ও তান্ত্রিক গবেষক ডঃ নীলাদ্রিনারায়ণ বসু, শিক্ষাবিদ শঙ্করজিৎ চক্রবর্তী, সঙ্গীত পরিচালক শিবু সোম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকার নরনারীদের হাতে পরিধেয় বস্ত্র তুলে দেওয়া হয়।
আজ অপরাহ্ণে সমরপল্লী কৃষ্ণপুরে আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠান আরম্ভের ঠিক আগে চলচ্চিত্র পরিচালক বাদল সরকারের পাশে দাঁড়িয়ে 'কর্মা সোস্যাল অ্যাণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর অধ্যক্ষ আইনজীবী অনিলকুমার দাস বলেছেন, "প্রতিবছর মহালয়ার পরের রবিবার সংস্থার বাৎসরিক বস্ত্রদান অনুষ্ঠানের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমাজের পিছিয়ে পড়া নরনারীর হাতে অঙ্গবস্ত্র তুলে দেওয়া হয়। এই বছর দশম বর্ষে পদার্পণ করল আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পুরনো ঐতিহ্য অনুসরণ করে আজ বস্ত্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই বছর পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৭৫০ জনের হাতে পোশাক তুলে দেওয়া হবে।"
সংস্থার পক্ষে জানানো হয়েছে," অন্যান্য বছরের মতো এবছরের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার ঝড়খালির বাসিন্দাদের মধ্যেও প্রয়োজনীয় পোশাক বিতরণ করা হবে।"


Comments
Post a Comment