চলে গেলেন শিল্পী যোগেন চৌধুরী


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৫ অক্টোবর '২৬):- বেশ কিছুদিন রোগভোগের পর অবশেষে আজ সকাল ১০.১৫ মিনিটে চিকিৎসকদের সম্মিলিত প্রয়াসকে ভ্রুক্ষেপ না করে ৮৭ বছর বয়সে না ফেরার দেশের পথে পা বাড়ালেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী।

তাঁর মৃত্যুর পর কলকাতার রুবি জেনারেল হাসপাতাল থেকে জানানো হয়েছে, "শিল্পী যোগেন চৌধুরী গত ১৪ মাস ধরে রক্তের এক ধরনের ক্যান্সার মাইলোপ্রোলিফেরেটিভ নিওপ্লাজম-এ ভুগছিলেন এবং কেমোথেরাপি নিচ্ছিলেন। অসুস্থতাকালীন সময়ে মূত্রনালীর সংক্রমণের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। দুর্ভাগ্যবশত, পরবর্তীকালে তাঁর অবস্থার অবনতি ঘটে এবং তিনি তীব্র সেপসিসে আক্রান্ত হন, যার পরে তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। চিকিৎসা সত্ত্বেও তিনি আর সেরে উঠতে পারেননি এবং আজ সকালে অসুস্থতার কাছে হার মানেন। তাঁর আরও অন্যান্য শারীরিক অসুস্থতাও ছিল, যা তাঁর চিকিৎসা পরিস্থিতিকে জটিল করে তুলেছিল।"

বলে রাখা ভালো, ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি তদানীন্তন ভারত (বর্তমানে বাংলাদেশ)-এর গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন যোগেন চৌধুরী। ১৯৪৮ সালে পাকাপাকিভাবে ভারতে চলে আসেন শ্রী চৌধুরী।

পরবর্তী সময়ে 'আর্ট অ্যাণ্ড ক্রাফট কলেজ' থেকে তিনি স্নাতক হন, এর পর বাইরের কয়েকটা দেশে পড়াশোনা ও ভ্রমণ সেরে তিনি ভারতে ফিরে আসেন। এই পর্যায়ে বেশ কয়েকটা জায়গায় কাজ করার পর ১৯৭২ সালে যোগেনবাবু দিল্লীর রাষ্ট্রপতি ভবনে কিউরেটর পদে যোগদান করেন, পরবর্তী সময়ে শান্তিনিকেতনের কলাভবনেও বেশ কিছুদিন অধ্যাপনা করেন।

২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার শিল্পী যোগেন চৌধুরীকে 'বঙ্গবিভূষণ' সম্মানে সম্মানিত করে, ২০১৪ সালে 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর সৌজন্যে যোগেন চৌধুরী রাজ্যসভার সাংসদ রূপে নির্বাচিত হন।

নানা সম্মান এবং তার পাশাপাশি শিল্পসত্তা সম্পর্কিত একরাশ বিতর্ক ও অসম্মানকে গলার হার করে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিল্পী যোগেন চৌধুরী। 


Comments