কলকাতা (১০ অক্টোবর '২৬):- পিতৃপক্ষের শেষদিনের সন্ধ্যায় টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী পার্ণো মিত্র-র উপস্থিতিতে সল্টলেকের এ ই ব্লক সমাজকল্যাণ সংঘ (পার্ট ২)-এর মাতৃমূর্তিতে তুলি দিয়ে চোখ আঁকলেন মৃৎশিল্পী সৈকত বসু।
অভিনেত্রী পার্ণোর পাশে দাঁড়িয়ে সংঘের অধ্যক্ষ সুরজ চোখানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আগামী মঙ্গলবার বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সৃজিৎ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এখানকার মাতৃমণ্ডপ ও মিত্রপ্রতিমার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।"
বলে রাখা ভালো, এই বছর রজতজয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে সল্টলেকের এ ই ব্লক সমাজকল্যাণ সংঘ (পার্ট ২)-র মাতৃ আরাধনা। এই বছর এখানকার ভাবনার মূল বিষয় 'আলো'। একদিকে আলো যেমন অন্ধকার রূপী মৃত্যুভয়কে নাশ করে জগতকে জীবনের অভূতপূর্ব আলোকছটায় ভরিয়ে তোলে। ঠিক এর বিপরীতে প্রাণরূপী আলোর অবর্তমানে দেহের বিনাশ ঘটে। মূলতঃ এই ভাবনাকে পাথেয় করেই এই বছর এ ই ব্লক সমাজকল্যাণ সংঘ (পার্ট ২) পূজামণ্ডপ সাজিয়ে তুলছেন দুই থিম আর্টিস্ট শিবাজী পাল ও বাবলু সিংহ।
আজ মাতৃমূর্তিতে মৃৎশিল্পীর চোখ আঁকার আগে এ ই ব্লক সমাজকল্যাণ সংঘ (পার্ট ২)-র সভাপতি মণিময় সাহা ও সম্পাদক তাপসকান্তি সেনগুপ্ত একযোগে জানান, "এই বছর পুজোয় সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন এলাকাবাসীকে যেমন নিরামিষ ভোগ বিতরণ করা হবে, তেমনই একাদশীর দিন থাকবে আমিষ ভোজের ব্যবস্থা।"




Comments
Post a Comment