কলকাতা (২০ অক্টোবর '২৬):- 'ইণ্ডিয়ান মেনোপোজ সোসাইটি' সংক্ষেপে 'আইএমএস' (IMS)-এর জাতীয় সভানেত্রী ডাঃ সুধা শর্মা-র উপস্থিতিতে কলকাতায় হয়ে গেল 'কলকাতা মেনোপোজ সোসাইটি' (Kolkata Menopause Society) সংক্ষেপে 'কেএমএস' (KMS)-এর চতুর্থ বার্ষিক সম্মেলন।
'ওজন, সুস্থতা ও নারী - এক জটিল বিন্যাস'-এর মতো গুরুগম্ভীর এক বিষয়কে ভাবনায় রেখে মহালয়ার দিন (১০ অক্টোবর) থেকে কলকাতার স্বভূমিতে 'কেএমএস' আয়োজন করেছিল 'রজোনিবৃত্তি'-র উপর দুদিন ব্যাপী জ্ঞানমূলক এক কর্মকাণ্ড।
অনুষ্ঠানের প্রধান পরামর্শদাতা মিলিন্দ তেলাং এবং তিনজন সভাপতি অভিনিবেশ চ্যাটার্জি, অমিত বসু ও পুষন কুণ্ডু-র নেতৃত্বে একদিকে যেমন যন্ত্রপাতি ও সরঞ্জাম, রেট্রোস্কোপ এবং শক্তির উৎস সহ বিভিন্ন বিষয় নিয়ে ছিল 'হিস্টেরোস্কোপি' বিষয়ক আলোচনা তেমনই অন্যদিকে ছিল 'হিস্টেরোস্কোপি' বিশেষজ্ঞদের এক মনমুগ্ধকর আলোচনা।
দু'দিনের চতুর্থ বার্ষিক সম্মেলন সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'কেএমএস'-এর সাংগঠনিক অধ্যক্ষ চিকিৎসক অর্ণব বসাক (Dr. Arnab Basak, Organising Chairperson, KMS) বলেছেন, "এবারের সম্মেলনে চিকিৎসা বিজ্ঞানের অধীন বিভিন্ন ধরণের আলোচনার পাশাপাশি থাকছে মুক্ত আলোচনার একটি বিশেষ অধিবেশন সহ প্রতিযোগিতামূলক ভিডিও প্রদর্শন ও স্নাতকোত্তর পর্যায়ের ক্যুইজ।"
বলে রাখা ভালো, 'আইএমএস'-এর ছত্রছায়ায় চালিত 'কেএমএস' হল চিকিৎসক মহলের সেই জাতীয় সংগঠন যারা মেনোপজ বা রজোনিবৃত্তী বিষয়ক শিক্ষা, চিকিৎসা সংক্রান্ত নির্দেশিকা, পেশাগত সহায়তা এবং স্থানীয় শাখাগুলো সম্পর্কিত নানাবিধ তথ্য প্রদান করে থাকে। বিগত কয়েক বছর ধরে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজ কেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে 'কেএমএস' কখনো এককভাবে কখনো বা যৌথভাবে একাধিক জনসচেতনতামূলক আলোচনা সভার পাশাপাশি রজোনিবৃত্তীজনিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরও সংগঠিত করে চলেছে।


Comments
Post a Comment