স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষ্যে ই এম বাইপাস সংলগ্ন মণিপাল হসপিটাল আয়োজন করল তুমিই তোমার দুর্গতিনাশিনী


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৬ অক্টোবর '২৬):- 'স্তন ক্যানসার সচেতনতা মাস' উপলক্ষ্যে বিশিষ্ট চলচ্চিত্র নির্দেশক নন্দিতা রায়, অভিনেত্রী রিচা শর্মা সহ ক্যানসারের সাথে যুঝে চলা বেশকিছু ব্যক্তিদের উপস্থিতিতে 'স্তনের সার্বিক স্বাস্থ্য, শুরুতেই শনাক্তকরণ ও সময়োচিত যত্ন'-র উপর আজ এক আলোচনা সভার আয়োজন করল 'মণিপাল হসপিটাল'-এর ই এম বাইপাস শাখা। 

'তুমিই তোমার দুর্গতিনাশিনী' (You are Your durgatinashini) নামাঙ্কিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে হাসপাতালের মস্তিষ্ক ও গলার ক্যানসার বিভাগের বরিষ্ঠ শল্যচিকিৎসক তথা সর্বাঙ্গীন ক্যানসার কেয়ার বিভাগের নির্দেশক ডাঃ সৌরভ দত্ত জনগণের উদ্দেশে বলেছেন, "একথা ভুললে চলবে না আপনাদের ভেতরেই রয়েছে সেই শক্তি যা আপনাদের রোগযুদ্ধে জয়ী করার অন্যতম চাবিকাঠি।"

অপরদিকে হাসপাতালের স্তন ক্যানসার বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নেহা চৌধুরী এবং অপর চিকিৎসক পূজা আগরওয়াল রোগী ও রোগীর পরিবারকে বিভিন্ন প্রকারের সাহস দিয়ে বলেছেন, "মাথায় রাখবেন স্তনে কোনো গুটলি হওয়া মানেই তা স্তন ক্যানসার নয়। সুতরাং ভয় ও লজ্জা না পেয়ে প্রথমেই চিকিৎসকের কাছে আসুন।"


Comments