কলকাতায় শুরু হল পাঁচ দিবসীয় ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৫ অক্টোবর '২৬):- আজ সকালে 'ক্যালকাটা বয়েজ স্কুল' অধ্যক্ষ ও সচিব রাজা ম্যাকগী-র স্বাগত ভাষণের মাধ্যমে শুরু হল পাঁচ দিনের 'দশম ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক ২০২৬' (The 10th Clifford Hicks International Debate 2026) প্রতিযোগিতা।

স্বাগত ভাষণে 'ক্যালকাটা বয়েজ স্কুল'-এর অধ্যক্ষ তথা সচিব জানিয়েছেন, "বর্তমান ভূ-রাজনৈতিক কারণে এই বছর নেপাল ছাড়া অন্য কোনো বহির্রাষ্ট্র থেকে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলেও দেশের বিভিন্ন প্রান্তের ৮০টার বেশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত 'ক্যালকাটা বয়েজ স্কুল'-এর মূল শাখায় এই বিতর্ক প্রতিযোগিতা চলবে।"

বিদ্যালয়ের তরফে জানা গেছে "এই প্রতিযোগিতায় কেবলমাত্র নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করতে পারে। বিতর্ক প্রতিযোগিতার শেষে বিজয়ী ও বিজেতা দল ছাড়াও সর্বশ্রেষ্ঠ প্রথম ও দ্বিতীয় বক্তাকেও পুরস্কার করা হয়ে থাকে।" 

বলে রাখা ভালো, ১৯৫২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ক্লিফোর্ড হিকস 'ক্যালকাটা বয়েজ স্কুল'-এ অধ্যক্ষ রূপে দায়িত্ব পালন করেছিলেন।

বিদ্যালয়ে অধ্যক্ষ থাকাকালীন অ্যাংলো ইণ্ডিয়ান শ্রেণীর মনোনীত সদস্য রূপে ১৯৬৭ সালে ক্লিফোর্ড হিকস পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন।

আজ বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে 'দশম ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক ২০২৬' প্রতিযোগিতার আনুষ্ঠানিক হয়।

Comments