জনগণের দর্শনের জন্য উন্মুক্ত হল নব যুব সংঘের গণেশ মণ্ডপ ও মূর্তি

কলকাতা (১৩ সেপ্টেম্বর '২৬):- ভাদ্রমাসের শুক্লা তৃতীয়ার শুভ সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম বিধায়ক বিজয় ওঝা, কলকাতা পৌরনিগমের অন্যতম পৌরমাতা মীনাদেবী পুরোহিত সহ 'ভারতীয় জনতা পার্টি'-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ কলকাতার ৫৭/২, কেশবচন্দ্র সেন স্ট্রিটে 'নব যুব সংঘ'-র পরিচালনায় ধুমধামের সাথে সাত দিন ব্যাপী গণেশ পুজো-র সূত্রপাত হল। এই বছর এখানকার পুজো ১৯ বছরে পদার্পণ করল।

'নব যুব সংঘ' পরিচালিত গণেশ পুজোর পরিচালন সমিতির সাধারণ সম্পাদক রবিপ্রকাশ গুপ্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আজ শিশু-কিশোরদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে সূচিত হয়েছে এই বছরের গণেশ পুজো। সনাতনী রীতি মেনে আগামীকাল অর্থাৎ ১৪ সেপ্টেম্বর মণ্ডপে গণেশ পুজো সহ ১৫ সেপ্টেম্বর প্রসাদ (ভোগ) বিতরণ করা হবে, ১৬ সেপ্টেম্বর মহাকালের ভজন ও গণেশে বন্দনার আয়োজন করা হয়েছে। এর সাথে সাথে ১৭ সেপ্টেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৮ সেপ্টেম্বর মাতারাণী জাগরণ অনুষ্ঠান সমাপনের পর আগামী ১৯ সেপ্টেম্বর শ্রী গণেশের পার্থিব মূর্তিকে গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়া হবে।"

এই বছর 'নব যুব সংঘ'-র গণেশ পুজোর চেয়ারম্যান রূপে রয়েছেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা এবং সভাপতি রূপে রয়েছেন উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ। এছাড়াও 'ভারতীয় জনতা পার্টি'-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সাথে জড়িত একাধিক ব্যক্তিদের নাম এই পুজোর আমন্ত্রণ পত্রে দেখা গেছে।

এর পাশাপাশি, এই বছর এখানকার গণেশ পুজোর প্রধান উপদেষ্টার পদে রয়েছেন কলকাতার ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর কর্ণধার প্রবন্ধ রায় (ফান্টা)।

                                            ✍ হীরক মুখোপাধ্যায়

Comments