কলকাতা (৯ সেপ্টেম্বর '২৬):- আজ দ্বারোদ্ঘাটন হওয়া ৬ টা অত্যাধুনিক মডিউলার 'অপারেশন থিয়েটার' সংক্ষেপে 'ওটি' সহ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন 'রুবি জেনারেল হাসপাতাল'-এ এখন 'ওটি'-র সংখ্যা দাঁড়াল ১১ । বলার অপেক্ষা রাখে না, ৫ টা 'ওটি' এই মুহূর্তে চালু রয়েছে 'রুবি জেনারেল হাসপাতাল'-এ।
চালু থাকা ৫ টা 'ওটি'-র পাশাপাশি আজ আরো ৬ টা অত্যাধুনিক মডিউলার 'ওটি'-র দ্বারোদ্ঘাটন করে 'রুবি জেনারেল হাসপাতাল'-এর অধ্যক্ষ এবং ব্যাবস্থাপক নির্দেশক (সিএমডি) চিকিৎসক কমলকুমার দত্ত জানান, "আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসা প্রযুক্তির সাথে আঞ্চলিক স্তরের চিকিৎসা পদ্ধতির বিভাজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সংযোজিত ওটিগুলো।"
বলে রাখা ভালো, নবপর্যায়ে সংযোজিত ৬ টা 'ওটি'-র মধ্যে ২ টো অঙ্গ প্রতিস্থাপন ও ২ টো উন্নত রোবটিক আর্ম ও কনসোল ব্যবহারের উপযোগী করে নির্মিত।
চিকিৎসক দত্ত-র পাশাপাশি হাসপাতালের অন্যতম নির্দেশক রুবি দত্ত-র পাশে দাঁড়িয়ে সংস্থার অপর নির্দেশক চিকিৎসক সৌরভ দত্ত বলেছেন, " কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তির সমন্বয় 'ওটি'-র অভ্যন্তরে রোগীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে রোগীর হাসপাতালে থাকার সময় কমাতেও উল্লেখযোগ্যভাবে সহায়ক হবে।"
আজ হাসপাতালের তরফ থেকে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে জারি করা এক ছাপানো বিবৃতিতে জানানো হয়েছে, 'নবনির্মিত মডুলার ওটিগুলো শীঘ্রই চালু হবে এবং রোবোটিক সিস্টেমগুলি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে কার্যকর ও রোগী পরিষেবার জন্য উন্মুক্ত।'
নবপর্যায় আরো ৬ টা অত্যাধুনিক ওটির দ্বারোদ্ঘাটন মুহূর্তে আহূত এক সাংবাদিক সম্মেলনে হাসপাতালের একাধিক বিভাগের বরিষ্ঠ চিকিৎসকগণ উপস্থিত থেকে তাঁদের মতামত প্রকাশ করেন।

Comments
Post a Comment