বিশ্ব হৃদয় দিবসের পটভূমিকায় সাতটা বৃক্ষ চারা রোপণ করলেন ভারত সেবাশ্রম সংঘের মহাসচিব


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৯ সেপ্টেম্বর '২৬):- 'বিশ্ব হৃদয় দিবস' (World Heart Day)-এর প্রেক্ষাপটে আজ যাদবপুর সংলগ্ন কালিকাপুর আগুয়ান সংঘের উদ্যানে সাতটি বৃক্ষ চারা লাগালেন 'ভারত সেবাশ্রম সংঘ'-র স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।

বলে রাখা ভালো, 'ভারত সেবাশ্রম সংঘ'-র উদ্যোগে ও 'ক্যালকাটা কার্ডিওলজি ফাউণ্ডেশন'-এর পরিচালনায় এবং 'আগুয়ান সংঘ'-র সহযোগিতায় আজ সংঘ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

'ভারত সেবাশ্রম সংঘ'-র প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতিকৃতিতে মাল্যার্পণ করার পর আগুয়ান সংঘের প্রাঙ্গণে দুটি বিল্ব ও পাঁচটি মেহগনি বৃক্ষের চারা লাগিয়ে এবং 'সপ্তর্ষি মণ্ডল'-এর সাত ঋষির নামানুসারে তাদের নামককরণ করে আজ অনুষ্ঠানের সূচনা করেন স্বামী বিশ্বাত্মানন্দ।

পরে 'ক্যালকাটা কার্ডিওলজি ফাউণ্ডেশন'-এর তরফে উপস্থিত অতিথিদের হাতেকলমে সিপিআর পদ্ধতি শেখান চিকিৎসক প্রকাশকুমার হাজরা ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক চিকিৎসক সুনীপ ব্যানার্জি।


Comments