কিছু ভুলের কারণে অতীতে পশ্চিমবঙ্গ সরকারের যথেষ্ট রাজস্বহানী ঘটেছে : স্বপন দাশগুপ্ত


নিজস্ব প্রতিনিধি 

কলকাতা (২৮ সেপ্টেম্বর '২৬):- "অতীতে পশ্চিমবঙ্গ সরকার ও সরকারী আধিকারিকদের বেশকিছু নীতিগত সিদ্ধান্ত এবং কয়লা, বালি ও দুর্লভ খনিজ পদার্থের উপর বাছাইকৃত বা করমুক্ত ব্যবস্থা সরকারের বড় ধরনের রাজস্ব ক্ষতির কারণ হয়েছিল," বলে জানান পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের আধিকারিকদের সংগঠনের উদ্যোগে গত শনিবার কলকাতার টাউন হলে 'পুনরুজ্জীবিত পশ্চিমবঙ্গের দিকে উন্নয়নের অর্থায়ন' নামাঙ্কিত এক বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বপন দাশগুপ্ত এই কথা বলেন। 

রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, শিল্প সহায়তা এবং উচ্চ পর্যায়ের অর্থনৈতিক অপরাধ দমন আদি বিষয়ের উপর এই আলোচনা সভায় বিশেষ জোর দেওয়া হয়।

অনুষ্ঠান মঞ্চ থেকে অর্থমন্ত্রী একদিকে যেমন রাজ্যের আর্থিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে কর স্থিতিশীলতার উন্নীতকরণ, সামগ্রিক কর কাঠামোর সংস্কার এবং অতীতের বৈষম্যমূলক প্রথাগুলি দূর করার উপর জোর দেওয়ার কথা বলেন, তেমনই কলকাতা এবং বিধাননগরের বাইরে রাজ্যের বেশিরভাগ পৌরসভার দুর্বল আর্থিক অবস্থার কথা উল্লেখ করে স্থানীয় সম্পত্তি কর সংগ্রহ বাড়ানোর জন্য আসন্ন নীতিগত সিদ্ধান্তেরও ইঙ্গিত দেন।








Comments