পশ্চিমবঙ্গের ডিজিট্যাল পরিকাঠামোকে শক্তিশালী করতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে এক্সট্রিম মিডিয়া ও পেক্সোরা
কলকাতা (২৫ সেপ্টেম্বর '২৬):- পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতার পালাবদল হতেই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে এগিয়ে আসতে চাইছে একাধিক বাণিজ্যিক সংস্থা।
আজ কলকাতায় 'পেক্সোরা' (Pexora) এবং 'এক্সট্রিম মিডিয়া' (Xtreme Media)-র তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, " পশ্চিমবঙ্গের ডিজিট্যাল পরিকাঠামোকে শক্তিশালী করতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা প্রণয়ন করেছে 'এক্সট্রিম মিডিয়া' ও 'পেক্সোরা'।"
বলে রাখা ভালো, 'প্রোমোটএজ' এবং 'প্রডিজি কমিউনিকেশনস'-এর যৌথ উদ্যোগে গঠিত 'পেক্সোরা' (ডিজিট্যাল এলইডি কোম্পানি)।
অপরদিকে, ডিজিট্যাল সাইনেজ এবং এলইডি ডিসপ্লে সলিউশনের ভারতীয় প্রস্তুতকারক সংস্থা 'এক্সট্রিম মিডিয়া'-র পূর্ব ভারতের একমাত্র অংশীদার এবং পরিবেশক হিসেবে কাজ করে 'পেক্সোরা'। 'পেক্সোরা'-র সদর দপ্তর ভারতের কলকাতায় অবস্থিত।
'এক্সট্রিম মিডিয়া' ও 'পেক্সোরা'-র সম্মিলিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন (বাম দিক থেকে ডান দিকে) 'পেক্সোরা'-র অংশীদার সৌরভ আগরওয়াল, 'পেক্সোরা'-র ব্যাবস্থাপক নির্দেশক নীতিন জৈন, 'এক্সট্রিম মিডিয়া'-র মুখ্য ব্যাবসা আধিকারিক আনন্দ লক্ষ্মণ ও 'এক্সট্রিম মিডিয়া'-র ব্যাবস্থাপক নির্দেশক সঙ্কেত রামবিয়া।
সংবাদমাধ্যমকে বিবৃতি দিতে গিয়ে বলা হয়েছে, "পশ্চিমবঙ্গ, বিশেষত কলকাতাকে ডিজিটালভাবে সক্ষম এক আধুনিক নগর রূপে গড়ে তোলার লক্ষ্যেই ১০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।"
'এক্সট্রিম মিডিয়া' যেহেতু ভারতের বৃহত্তম এলইডি প্রদর্শন পর্দা সংস্থা এবং দেশের একমাত্র এলইডি প্রদর্শন পর্দা প্রস্তুতকারক সংস্থা তাই দূষণমুক্ত বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে এই উদ্যোগ বিজ্ঞাপনের দুনিয়াকে এক নতুন পথের সন্ধান দেবে বলে মনে করছে 'এক্সট্রিম মিডিয়া' ও 'পেক্সোরা' জুটি।
সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থাদ্বয়ের তরফে আরো জানানো হয়েছে, "নগর আধুনিকীকরণের বৃহত্তর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, দরপত্র এবং অন্যান্য কৌশলগত উদ্যোগের মাধ্যমে কাজ করার সম্ভাবনা খতিয়ে দেখছে 'পেক্সোরা'।"


Comments
Post a Comment