ডাঃ সুমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে এবার কলকাতাতেও সফল হল টিটাভিআর চিকিৎসা


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২ সেপ্টেম্বর '২৬):- চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে বাঁকুড়া জেলার ইন্দাসের বাসিন্দা প্রবীণ নাগরিক হারাধন মণ্ডল-এর উপর 'ট্র্যান্সক্যাথিটর ট্রাইকাসপিড ভাল্ভ রিপ্লেসমেন্ট' সংক্ষেপে 'টিটিভিআর' শল্যচিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন 'অ্যাপোলো মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল' কলকাতার হৃদরোগ বিভাগের শল্যচিকিৎসক ডাঃ সুমন্ত মুখোপাধ্যায়

মানব শরীরের হৃদয়ের অভ্যন্তরে থাকা ট্রাইকাসপিড কপাটিকার প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসায় সফল হওয়ার পর আজ সুস্থ হারাধন মণ্ডলকে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলন করে চিকিৎসক সুমন্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, "সফল 'টিটিভিআর' শল্যচিকিৎসার হাত ধরে তিলোত্তমা কলকাতার মাথায় আর এক নতুন পালকের সংযোজন হল।"

জেনে রাখা ভালো, যে সব রোগী হৃদযন্ত্রের ডানদিকের কপাটিকার লিকজনিত সমস্যা বা ট্রাইকাসপিড ভালভ রিগারজিটেশনে ভুগছেন এবং যাদের জন্য প্রচলিত ওপেন হার্ট সার্জারি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাদের জন্য টিটিভিআর এক জীবনদায়ী বিকল্প চিকিৎসা পদ্ধতি।

ট্রাইকাসপিড কপাটিকা মানব হৃদয়ের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে। যখন এই কপাটিকা ঠিকমতো বন্ধ হয় না, তখন রক্ত পিছনের দিকে লিক করে যায়, চিকিৎসার পরিভাষায় একেই বলে ট্রাইকাসপিড রিগারজিটেশন বা টিআর। যার ফলে শরীরে জল জমা, অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হওয়া, শ্বাসকষ্ট, ক্লান্তি এবং শেষ পর্যন্ত হার্ট ফেলিওরের মতো লক্ষণ দেখা দেয়। আগে, ট্রাইকাসপিড কপাটিকাকে "বিস্মৃত ভালভ" বলা হত, কারণ বয়স্ক বা দুর্বল রোগীদের ক্ষেত্রে এই ভালভের সার্জারিতে মৃত্যুর ঝুঁকি ছিল অত্যন্ত বেশি।

'টিটিভিআর' হল একটি অত্যাধুনিক, ন্যূনতম ইনভেসিভ কার্ডিয়াক ইন্টারভেনশন। একটি বায়োপ্রস্থেটিক ভালভকে সংকুচিত করে একটি সরু ক্যাথেটারের মাধ্যমে ফিমোরাল/জুগুলার ভেইনে একটি ছোট ছিদ্র করে হৃদযন্ত্রে প্রবেশ করানো হয়। ক্ষতিগ্রস্ত নেটিভ ভালভের মধ্যে সঠিকভাবে স্থাপন করার পর নতুন ভালভটিকে প্রসারিত করা হয়, যা সঙ্গে সঙ্গেই সঠিকভাবে রক্ত প্রবাহকে চালু করে। 

এই পদ্ধতিতে বুক কাটা (স্টারনোটমি) বা হার্ট-লাং বাইপাস মেশিনের প্রয়োজন হয় না।

রোগীরা কয়েক ঘণ্টার মধ্যেই হাঁটতে পারেন এবং সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান, যেখানে ওপেন হার্ট সার্জারিতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়।

ফোলা, শ্বাসকষ্ট এবং হার্ট ফেলিওরের উপসর্গগুলি দ্রুত কমে যায়।

Comments