বাংলার মহান বিপ্লবী পরিবারের সদস্যদের হাত ধরে প্রকাশিত হল দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২ সেপ্টেম্বর '২৬):- অগ্নিযুগের বীর বিপ্লবী প্রয়াত পুলিনবিহারী দাস, উল্লাসকর দত্ত, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষচন্দ্র বসু এবং সুলেখক তথা মনে প্রাণে একশো শতাংশ বিপ্লবী পরশুরাম ওরফে রাজশেখর বসু-র পারিবারিক সদস্যদের উপস্থিতিতে এবং তাঁদেরই হাত ধরে আজ প্রকাশিত হল সৌমক পালিত রচিত 'দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া' নামাঙ্কিত এক গ্রন্থ।

গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচনের পর লেখক সৌমক পালিত জানিয়েছেন, "লোকমাতা রাণী রাসমণি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, অরবিন্দ ঘোষ, পুলিনবিহারী দাস, বাঘাযতীন, রাজশেখর বসু, উল্লাসকর দত্ত, রাসবিহারী বোস, ডাঃ গিরীন্দ্রশেখর বোস, প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেন, বসন্তকুমার বিশ্বাস, কালীচরণ ঘোষ, নেতাজী সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র লাহিড়ী, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি, যতীন দাস, তারকেশ্বর সেনগুপ্ত, প্রফুল্ল সেন, ভগৎ সিং, বীণা দাস, হৃষীকেশ চক্রবর্তীর মতো বাংলা মায়ের মোট ৩০ জন সুসন্তানের জীবনগাথা নিয়ে লেখা হয়েছে 'দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া'।"

পুস্তকের আবরণ উন্মোচনী অনুষ্ঠানের স্বাগত ভাষণ দিতে গিয়ে প্রাতঃস্মরণীয় বিপ্লবী পুলিনবিহারী দাসের পৌত্র বিশ্বরঞ্জন দাস ক্ষেদ প্রকাশ করে জানতে চান - "আমরা ঔপনিবেশিক প্রভাব থেকে আজ পর্যন্ত নিজেদের মুক্তই করতে পারিনি। সত্যি কী বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীরেরা এই স্বাধীনতা চেয়েছিলেন ?"

পরবর্তী পর্যায়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভ্রাতুষ্পুত্র প্রসাদরঞ্জন দাশ বর্তমান রাষ্ট্র ব্যবস্থার প্রতি কিঞ্চিত কটাক্ষ প্রকাশ করে বলেন, "এ কোথায় আছি আমরা, মনে হচ্ছে একদিকে আলো তো অন্যদিকে চূড়ান্ত অন্ধকার।"

বিশ্বরঞ্জন দাস এবং প্রসাদরঞ্জন দাশের সূত্র ধরে নেতাজী সুভাষচন্দ্র বসু-র আত্মীয় চন্দ্রকুমার বোস দ্ব্যর্থহীন ভাষায় বলেন, "আমাদের মহান বিপ্লবীরা রাজনৈতিক-সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য আত্মাহূতি দিয়েছিলেন। তাঁরা যেমন খণ্ডিত স্বাধীনতা চাননি তেমনই সাম্প্রদায়িক বিভেদকামী বর্তমান স্বাধীনতাও চাননি। আমরা প্রকৃত অর্থে আজ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার মতো একত্রে ত্রিবিধ স্বাধীনতা পেয়েছি কিনা সেটা আজকের যুবসমাজকেই খুঁজে দেখতে হবে।"

প্রকাশক সংস্থা 'বসুধানন্দ বুকস অ্যাণ্ড পাবলিকেশন'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "৪৬৪ পাতার এই গ্রন্থের বিনিময় মূল্য ধার্য হয়েছে ১০৫০ টাকা।"

Comments