কলকাতা (৩০ অগস্ট '২৬):- সাংস্কৃতিক জগতের একাধিক পরিচিত মুখের উপস্থিতিতে আজ বিধাননগরে হয়ে গেল সৌন্দর্য প্রতিযোগিতা 'গ্ল্যাম আইকন ইণ্ডিয়া'-র দ্বিতীয় পর্ব।
অনুষ্ঠানের বিষয় কথা বলতে গিয়ে 'গ্ল্যাম আইকন ইণ্ডিয়া'-র প্রতিষ্ঠাত্রী রীতা মাইতি সংবাদমাধ্যমকে বলেছেন, "উঠতি মডেল, বাহারী পোশাকের নকশাকার এমনকি যাঁরা ফ্যাশন জগতে নিজেদের প্রতিষ্ঠিত দেখতে চান তাঁদের কথা ভেবেই দ্বিতীয়বার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকের এই প্রতিযোগিতায় মোট ১০৫ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বিভাগের বিজয়ী ও বিজয়িনীদের পুরস্কার স্বরূপ মন্দারমণির সমুদ্র সৈকতে ভ্রমণ ও দৃশ্যগ্রহণ করার জন্য নিয়ে যাওয়া হবে।"
রীতা মাইতির পাশাপাশি এই প্রতিযোগিতার প্রদর্শনী নির্দেশিকা মৌসুমি নায়েক জানিয়েছেন "গ্ল্যাম আইকন ইণ্ডিয়া'-র দ্বিতীয় পর্বের এই প্রতিযোগিতায় কিডস, টিন, মিস্টার, মিস, মিসেস ও ক্লাসিক বিভাগের বিভিন্ন পর্বে আজ নানান বয়েসের প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছেন।"
অনুষ্ঠানের এক পর্বে আজ বিচারক রূপে উপস্থিত হয়েছিলেন নেশায় আলোকচিত্রী তথা পেশায় পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার।
অনুষ্ঠানের অন্যতমা শো স্টপার জ্যোৎস্না সরকার বলেছেন, "অসাধারণ পরিবেশে আয়োজিত হয়েছে আজকের অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব।"
অনুষ্ঠানের গরিমা বাড়াতে অনুপম হালদার ছাড়াও আজ বিভিন্ন সময় মঞ্চে উপস্থিত হয়েছিলেন সাংবাদিক দেবাশিস দাস, অরিজিৎ দত্ত, শান্তনু গুহঠাকুরতা সহ মুম্বইয়ের পূজা গোস্বামী ও রাজ চন্দ্রা প্রমুখ বিশিষ্ট অতিথিবর্গ।





Comments
Post a Comment