১০ হাজার নরনারীর সমবেত কণ্ঠের পবিত্র গীতাপাঠ আয়োজিত হতে চলেছে বাটানগরে


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৭ অগস্ট '২৬):- শাশ্বত মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির লক্ষ্যে 'বিশ্ব হিন্দু পরিষদ'-এর মহেশতলা প্রখণ্ড-র সার্বিক সহযোগিতায় এবং 'মহেশতলা হ্যাণ্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (সেন্ট্রাল কমিটি)'-এর পরিচালনায় আগামী ২৩ অগস্ট রবিবার দক্ষিণ ২৪ পরগনার বাটানগর ফুটবল মাঠে আয়োজিত হতে চলেছে ১০ হাজার নরনারীর সমবেত কণ্ঠের পবিত্র গীতাপাঠ।

গতকাল সন্ধ্যায় ধর্মতলার এক বিলাসবহুল হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে সমবেত কণ্ঠের পবিত্র গীতাপাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করেন অনুষ্ঠানের অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক) মহারাজ। 

দেশ বরেণ্য রাষ্ট্রনায়ক সুভাষচন্দ্র বোস-এর উদ্দেশ্যে 'ভারতীয় জনতা পার্টি'-র দুই রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজের শ্রীমুখ নিঃসৃত অপশব্দ নিয়ে একটা শব্দ খরচ না করলেও 'বিশ্ব হিন্দু পরিষদ'-এর মহেশতলা প্রখণ্ড-র সচিব অমর ঘোষ বলেছেন, "বর্তমান সময়ে সমাজে নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করা জরুরি, গীতার বাণী সেই শিক্ষাই দেয়।"

"দক্ষিণ ২৪ পরগনার বুকে এত বড়ো মাপের সমবেত কণ্ঠের গীতাপাঠ আগে কখনো হয়নি। ফলতঃ অনুষ্ঠানের সফল হবেই," বলে একযোগে আশা প্রকাশ করেছেন স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক) মহারাজের পাশাপাশি অনুষ্ঠানের কার্যকারী সচিব শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী এবং আহ্বায়ক সুমন ভট্টাচার্য।

সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন টালিগঞ্জ বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নবনির্বাচিত বিধায়ক তথা বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ আরো অনেকে।


Comments