কলকাতা (২৪ অগস্ট '২৬):- কলকাতা উচ্চ ন্যায়ালয় সহ পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে কর্মরত আইনজীবী ভাই বোনেদের সমৃদ্ধি তথা সার্বিক মঙ্গল কামনায় আজ ময়দানের ক্লাবঘরে দেবাদিদেব মহাদেব ভগবান শিবের রুদ্রাভিষেক সম্পন্ন করল 'হাইকোর্ট ক্লাব' কর্তৃপক্ষ।
বাংলা দিনপঞ্জিকা মতে ভাদ্র মাসের প্রথম সোমবার তথা অন্য কিছু প্রদেশের দিনপঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শেষ সোমবার হিসেবে ভাবগম্ভীর পরিবেশে শ্রদ্ধা ভক্তি সহকারে আজ দিনভর বৈদিক মন্ত্রোচ্চারণের সাথে ভগবান রুদ্রের রুদ্রাভিষেক হল।
রুদ্রাভিষেক সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে 'হাইকোর্ট ক্লাব'-এর মহাসচিব আইনজীবী অরুণকুমার উপাধ্যায় জানান, "আইনজীবী সমাজের সামগ্রিক মঙ্গল ও কল্যাণ কামনায় এই প্রথম 'হাইকোর্ট ক্লাব'-এ আয়োজিত হল দেবাদিদেব মহাদেব ভগবান সোমনাথের রুদ্রাভিষেক।"
অপরদিকে এই ধর্মীয় কর্মকাণ্ডের সাথে জড়িত আইনজীবী সুবীররঞ্জন দাস জানিয়েছেন, "ভারতের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও পরম্পরাকে উৎসাহদান এবং লোককল্যাণ হেতু পরমেশ্বর শিবের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে 'হাইকোর্ট ক্লাব' এইবার প্রথম রুদ্রাভিষেক-এর আয়োজন করেছে।"
পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় পরিবর্তন আসার ফলে এখন অনেকেই স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছে বলে তথ্যাভিজ্ঞ মহলের একাংশের বক্তব্য। এই বক্তব্য কতটা সঠিক, এই বিষয়ে জানতে চাওয়া হলে কলকাতা উচ্চ ন্যায়ালয়ের আইনজীবী সুব্রত ঘোষ জানান, "যেখানে পাশবদ্ধ অবস্থা থেকে পাশমুক্ত হওয়ার জন্যই ভারতীয় সাধকেরা লোকচক্ষুর আড়ালে দিনের পর দিন ভগবান পশুপতির সুতীব্র সাধনা করে চলেছেন, সেখানে শুধুমাত্র জনকল্যাণের আশায় 'হাইকোর্ট ক্লাব' এই মাঙ্গলিক কর্মকাণ্ডের আয়োজন করেছে।"



Comments
Post a Comment