আয়ুষ্মান ও সুস্মিতার হাতে স্মারক বৃত্তি তুলে দিলেন সঞ্জয় রায়


নিজস্ব প্রতিনিধি 

কলকাতা (১৭ অগস্ট '২৬):- এই বছর প্রয়াত বিজয় রায় ও কমলা রায় স্মারক বৃত্তি পেলেন গার্ডেনরিচের আয়ুষ্মান মিত্র, অপরপক্ষে প্রয়াত রনি রায় ও পিঙ্কি রায় স্মারক বৃত্তি পেয়েছেন উত্তর ২৪ পরগনার নিমতার মেয়ে সুস্মিতা রায়।

জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা-র উপস্থিতিতে গতকাল সন্ধ্যায় কলকাতার সুকিয়া স্ট্রিটের 'বৃন্দাবন মাতৃ মন্দির' চত্বরে আয়োজিত এক বৃত্তি বিতরণী মঞ্চ থেকে প্রাপকদের হাতে স্মারক বৃত্তি তুলে দেন প্রয়াত বিজয় রায় ও কমলা রায়ের জ্যেষ্ঠ পুত্র এবং প্রয়াত রনি রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা সঞ্জয় রায়। বৃত্তি রূপে দুজনের হাতে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

রায় পরিবারের পক্ষ থেকে সঞ্জয় রায় জানিয়েছেন,"নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে এই বছর ভৌত বিজ্ঞানে ৯৩, ইতিহাসে ৯১ সহ সামগ্রিক ভাবে ৮৬ শতাংশ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আয়ুষ্মান ।

আয়ুষ্মানের বাবা মাছের অ্যাকুইরিয়াম সাজানো ও রক্ষনাবেক্ষন ইত্যাদির কাজ করে অতিকষ্টে সংসারের হাল ধরে রয়েছেন। তবে পরিবারের শত আর্থিক প্রতিকূলতার মধ্যেও ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে আত্মপ্রত্যয়ী আয়ুষ্মান।

অন্যদিকে উত্তর দমদম বিদ্যাপীঠ থেকে ভূগোলে ৯৪, ইতিহাসে ৯২ সহ সামগ্রিক ভাবে ৮৭ শতাংশ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সুস্মিতা।

তিন বছর আগে বাবাকে হারান সুস্মিতা । বর্তমানে মাসি ও মেসোর সামান্য আর্থিক সাহায্যে চলে তাদের সংসার I কোনো গৃহশিক্ষক না থাকলেও ফলাফলে ঝলক দেখাতে কোনো অসুবিধা হয়নি সুস্মিতার। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্নে বিভোর সুস্মিতা বর্তমানে আরো ভালো করে পড়ালেখায় মনোনিবেশ করতে চায়।" 

Comments