হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৮ অগস্ট '২৬):- "বাম আমলে নন্দনে ধর্মীয় কাহিনীচিত্র যেমন দেখানোর সুযোগ ছিল না, তেমনই তৃণমূল জমানাতেও নন্দনে ধর্মতত্ত্ব বা হিন্দু আধ্যাত্মিকতার উপর কোনো কাহিনীচিত্র মুক্তি বা প্রদর্শনের সুযোগ পাওয়া যেত না। সাম্প্রতিক অতীতে রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পরেই হিন্দু ধর্মের অন্যতম অবতারের উপর নির্মিত কাহিনীচিত্র নন্দনে দেখানো সম্ভব হচ্ছে," জানিয়েছেন বাংলা কাহিনীচিত্র 'লোকনাথ বাবার বাল্যজীবন'-এর পরিচালক জয়শঙ্কর।
জয়শঙ্কর আরো বলেছেন, "বাংলার সাংস্কৃতিক জগতের অন্যতম বলিষ্ঠ মুখ তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ-এর সৌজন্যেই হিন্দু ধর্মের উপর নির্মিত কোনো কাহিনীচিত্র এই প্রথম নন্দনে দেখানো সম্ভব হচ্ছে।"
আজ নন্দন ২-এর অলিন্দে দাঁড়িয়ে এই কাহিনীচিত্রের প্রযোজক স্বপনকুমার দাস জানিয়েছেন, "কোরনা অতিমারীর সময় লকডাউন চলাকালীন নলবন চত্বরে টানা ২২ দিন ধরে 'লোকনাথ বাবার বাল্যজীবন' নামাঙ্কিত এই কাহিনীচিত্রের দৃশ্যগ্রহণ পর্ব চলেছিল। পরে ২০২৪ সালে ১২৬ মিনিটের পূর্ণ দৈর্ঘ্যের বাংলা কাহিনীচিত্র রূপে মুক্তি পেয়েছিল এই চলচ্চিত্র। কিন্তু সেই সময় এই চলচ্চিত্র নন্দনে দেখানো সম্ভব হয় নি।"
টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেত্রী অনামিকা সাহা, গায়িকা অনিন্দিতা সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আজ নন্দনে প্রদর্শিত হল 'লোকনাথ বাবার বাল্যজীবন'।

Comments
Post a Comment