কলকাতা (১৯ অগস্ট '২৬):- "আগামী ২২ অগস্ট কলকাতার 'তাজ বেঙ্গল'-এ হতে চলেছে 'অ্যাসোসিয়েশন অব কর্পোরেট অ্যাডভাইজার্স অ্যাণ্ড এক্সিকিউটিভস' সংক্ষেপে 'এসিএই'-র বার্ষিক সম্মেলন," জানিয়েছেন সংগঠনের অধ্যক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নীরজকুমার হারোদিয়া।
আজ প্রেস ক্লাব কোলকাতায় বার্ষিক সম্মেলন শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে বার্ষিক সম্মেলনের চেয়ারম্যান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কমলনয়ন জৈন জানান, "তাজ বেঙ্গলে হতে চলা 'রি-ইমেজিং বেঙ্গল : ইণ্ডাস্ট্রী, ইনোভেশন অ্যাণ্ড ইনফিনাইট পসিবিলিটিজ' নামাঙ্কিত এই বার্ষিক সম্মেলনে ভাগ নেবেন পূর্বভারতে কর্মরত ৫ শতাধিক নীতিনির্ধারক, অগ্রণী শিল্পপতি, উদ্যোগপতি, লগ্নিকারী সহ একাধিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।"
আয়োজক সংগঠনের পক্ষে আরো জানানো হয়েছে, "সব কিছু ঠিকঠাক থাকলে অনুষ্ঠানের উদ্ঘাটন করবেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা পেশাগত জীবনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র বোস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনৈক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার একাধিক মন্ত্রী।"
বলে রাখা ভালো, ১৯৬০ সালে স্থাপিত 'এসিএই' হল পূর্বভারতের পেশাদারদের অগ্রণী এক সংগঠন, বর্তমানে এই সংগঠনের সাথে ১,৮০০ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কোম্পানী সেক্রেটারি, অ্যাডভোকেট, কর্পোরেট এক্সিকিউটিভ, ইণ্ডাস্ট্রীয়ালিস্ট, এন্টারপ্রেনিওর, বিজনেস লিডার জড়িত আছেন।

Comments
Post a Comment