৩০ অগস্ট জনসমক্ষে প্রথমবার প্রদর্শিত হতে চলেছে তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল


নিজস্ব প্রতিনিধি 

কলকাতা (১৮ অগস্ট '২৬):- আগামী ৩০ অগস্ট রবিবার অপরাহ্ণ ২.৩০ মিনিটে কলকাতার তপন থিয়েটারে প্রথমবার প্রদর্শিত হতে চলেছে টি কে সিং প্রযোজিত, অ্যাক্টিং অ্যাটেলিয়ার নিবেদিত ও অনিন্দ্য ব্যানার্জি নির্দেশিত ব্যঙ্গধর্মী থিয়েটার 'তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল'।

গতকাল 'তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল'-এর প্রথম প্রদর্শনী সংক্রান্ত তথ্য প্রকাশ করে প্রযোজনা সংস্থার পক্ষে জানানো হয়েছে,“তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল আসলে একটা রাজনৈতিক ব্যঙ্গনাট্য। এই ব্যাঙ্গনাট্যে বর্তমান সময়ের সমাজের মানসিক অস্থিরতা, ক্রমবর্ধমান হতাশা এবং আবেগের সংকটকে বিচ্ছিন্ন কিছু পরিস্থিতি, প্রতীকী চরিত্র এবং বহুমাত্রিক অভিনয় ও ভাষার মাধ্যমে দেখানোর চেষ্টা করা হবে। 

ক্রোধ, বিভ্রান্তি, হতাশা এবং মানসিক ক্লান্তি কীভাবে ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে হাস্যরস ও অস্বস্তিদায়ক সংলাপের মাধ্যমে এই নাটকে সেটাও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।"

প্রযোজনা সংস্থার পাশাপাশি এই থিয়েটারের কাহিনীকার অনিন্দ্য ব্যানার্জি বলেছেন, "গল্পের সূচনা অদ্ভুত এক অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুলে। সেখানে নিজেদের মানসিক টানাপোড়েন এবং আবেগজনিত সমস্যার সমাধানের আশায় এসে উপস্থিত হয় তিনজন মানুষ। রিসেপশনিস্ট এবং পরবর্তীতে কাউন্সেলরের সঙ্গে তাদের কথোপকথনের মধ্য দিয়ে ধীরে ধীরে সামনে আসতে থাকে তাদের ব্যক্তিগত হতাশা, অবদমিত আবেগ এবং জীবনের নানা অপ্রকাশিত সত্য ....।"

সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়েছে, "এই থিয়েটারে বিভিন্ন ভূমিকায় অনিন্দ্য ব্যানার্জী, শম্পা ব্যানার্জি, সৌরভ চক্রবর্তী, অনুরাধা বসু, সুদেষ্ণা পাল, দেবজ্যোতি পাল সহ সাগ্নিক-কে অভিনয় করতে দেখা যাবে।"

                                              ছবি : দেবশ্রী চ্যাটার্জি 

Comments