কলকাতা (১৭ অগস্ট '২৬):- স্বাধীনতা দিবস-এর ঠিক পরের দিন নব ঘোষিত 'আয়ুষ্মান দিবস'-কে উপলক্ষ্য করে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ও কলকাতার 'নব রাজা লেন সম্মিলনী'-র ব্যবস্থাপনায় ৯, রাজা লেন-এ আয়োজিত হল এক মহতী রক্তদান ও বস্ত্রদান শিবির।
'নব রাজা লেন সম্মিলনী'-র রক্ত এবং বস্ত্রদান শিবিরের আয়োজকদের তথ্য অনুযায়ী, "শিবিরে ২৫ জন মহিলা ও ৩৫ জন পুরুষ সহ মোট ৬০ জন রক্তদান করেছেন।"
রক্তদাতাদের উৎসাহিত করার লক্ষ্যে রক্তদান শিবিরে 'জোড়াসাঁকো' বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা ছাড়াও উপস্থিত ছিলেন 'হিন্দু সৎকার সমিতি'-র অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, বিশিষ্ট পুজো আয়োজক প্রবন্ধ রায় ওরফে ফান্টা সহ 'ভারতীয় জনতা পার্টি'-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার একাধিক মোর্চার পদাধিকারীগণ সহ এলাকার গুণিজনেরা ।
এ প্রসঙ্গে উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আগেই ৮ থেকে ১৪ অগস্ট পর্যন্ত সময়কে 'আয়ুষ্মান সপ্তাহ' রূপে ঘোষণা করা হয়েছিল।
এই আয়ুষ্মান সপ্তাহ সমাপ্ত হওয়ার ঠিক পরেই, গতকাল অর্থাৎ ১৬ আগস্ট পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প এবং 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা'-র সূচনা হওয়ার মূহুর্তকে স্মরণীয় করে রাখার জন্য ১৬ অগস্টকে পশ্চিমবঙ্গে 'আয়ুষ্মান দিবস' হিসেবে চিহ্ণিত করা হয়েছে।
ছবি : মৃত্যুঞ্জয় রায়

Comments
Post a Comment