নেতাজীকে নিয়ে অসত্য বক্তব্য পেশ করার জন্য বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলল জেডিইউ


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১০ অগস্ট '২৬):- দেশবরেণ্য রাষ্ট্রনায়ক সুভাষচন্দ্র বোস ওরফে 'নেতাজী'-কে নিয়ে নির্বোধের মত অসত্য ও আজগুবি বক্তব্য জনসমক্ষে তুলে ধরার জন্য 'ভারতীয় জনতা পার্টি'-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার বিরুদ্ধে এবার বিষোদগার করল 'ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স' সংক্ষেপে 'এন ডি এ'-র অন্যতম শরিক দল 'জনতা দল ইউনাইটেড'।

গতকাল হুগলির বল্লভীপুরে জেডিইউ-এর পশ্চিমবঙ্গ শাখার আহ্বানে '১৯৪২-এর অগস্ট বিপ্লব' স্মরণে আয়োজিত এক স্মরণসভা থেকে 'জনতা দল ইউনাইটেড'-এর পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার ভূতপূর্ব প্রদেশ অধ্যক্ষ অশোক দাস (Ashok Das, Former President, JDU West Bengal) আনুষ্ঠানিকভাবে বিজেপি-র বিরুদ্ধে মুখ খুলে বলেন, "বিজেপির রাজ্য সভার দুই সদস্য শমীক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ যেভাবে হিতাহিতবোধশূন্য হয়ে নেতাজীর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করেছেন তা মেনে নেওয়া যায় না, আমরা দলীয়ভাবে এর তীব্র নিন্দা করছি।"

বলে রাখা ভালো, 'ভারতীয় জনতা পার্টি'-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার তরফ থেকে বিধায়ক তথা শিক্ষামন্ত্রী দীপক বর্মণ সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমে কথপোকথনের সময় জানিয়েছেন, "যেভাবে রাজবংশী সমাজের উপর পশ্চিমবঙ্গবাসীদের খেপিয়ে তোলা হচ্ছে তা কাম্য নয়। এখন রাজবংশী সমাজ যেমন কোনো রাজা মহারাজের শাসনাধীন নয়, তেমনই রাজবংশীদের বর্তমান প্রজন্ম যথেষ্ট শিক্ষিত। বর্তমান রাজবংশী সমাজ কোনো ভুলভাল বক্তব্যকে আদপেই সমর্থন করেন না।" উল্লেখ্য, শিক্ষামন্ত্রী দীপক বর্মণ নিজেও রাজবংশী সমাজের সন্তান।

যদিও দীপক বর্মণ-এর এই খোলামেলা সাক্ষাৎকারের পরেও বিজেপির উপর থেকে সামান্যতম ক্ষোভ কমেনি পশ্চিমবঙ্গবাসীর। গতকাল শিয়ালদহ স্টেশন থেকে নেতাজীর সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলের আয়োজকবৃন্দের ভাষায়, "শিক্ষামন্ত্রী ভুল ভাবছেন, পশ্চিমবঙ্গের কেউই রাজবংশীদের বিপক্ষে যায় নি বরং মনে মনে বিজেপির বিপক্ষে চলে যাচ্ছে।"

মিছিল আয়োজনকারীদের বক্তব্য নেহাত ফেলে দেওয়ার মত নয়, কারণ বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো দোষ স্বীকার করা বা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় নি। বিজেপির পশ্চিমবঙ্গ শাখার অধ্যক্ষ শমীক ভট্টাচার্য নেতাজীর বিপক্ষে প্রথম  অনভিপ্রেত বক্তব্য পেশ করলেও বিজেপি নিজেদের দোষ ঢাকতে এই দোষের কেন্দ্রে রাজবংশী সমাজকে বসিয়ে দিতে চাইছে, ফলতঃ রাজবংশী সমাজের অপর সন্তানের মুখ দিয়েই প্রথম ক্ষমা চাওয়ানো হয়েছে।

গতকাল '১৯৪২-এর অগস্ট বিপ্লব'-এর স্মরণে আয়োজিত অনুষ্ঠান স্থল থেকে জেডিইউ নেতৃবৃন্দ একদিকে যেমন পুরনো স্মৃতি রোমন্থন করেছেন, তেমনই দূষণ মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সমাবেশ স্থলে আগত ব্যক্তিদের বিনামূল্যে চারাগাছ বিতরণ এবং 'নীতিশ মডেল'-এর প্রচার ও প্রসারাভিযান শুরু করেছেন।

Comments