হীরক মুখোপাধ্যায়
বারাসাত (৫ অগস্ট '২৬):- জনসচেতনতা বৃদ্ধি ও স্তন ক্যানসার দূরীকরণের লক্ষ্যে এবার বিনামূল্যে ম্যামোগ্রাফী (Mammography Test) করার কথা ঘোষনা করল বারাসাতের নারায়ণা হসপিটাল (Narayana Hospital, Barasat)।
আজ হাসপাতালের সভাঘরে স্তন ক্যানসার পরিষেবা (Breast Oncology Sevices)-র সূচনা করে হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর শুভাশিষ ভট্টাচার্য জানান, "আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকেই বারাসাত শহরাঞ্চল ও সন্নিহিত এলাকার বিভিন্ন অংশে গিয়ে স্থানীয় মহিলাদের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে একদিকে যেমন সচেতনতা বাড়ানো হবে, তেমনই স্তন ক্যানসার দূরীকরণের প্রাথমিক কর্মকাণ্ড হিসেবে বিনামূল্যে ম্যামোগ্রাফী পরীক্ষাও করবে 'নারায়ণা হসপিটাল বারাসাত' কর্তৃপক্ষ। "
বলে রাখা ভালো, যে পদ্ধতির মাধ্যমে স্তন ক্যানসার নির্ধারণ করা সম্ভব হয়, চিকিৎসার পরিভাষায় তাকেই ম্যামোগ্রাফী বলা হয়।
ডাঃ প্রগতি সিংহল-এর নেতৃত্বে নারায়ণা হসপিটাল বারাসাতে আজ চালু হল স্তন ক্যানসার বিভাগ।
স্তন ক্যানসার বিভাগের আনুষ্ঠানিক সূচনার তথ্য দিতে এসে বিনামূল্যে ম্যামোগ্রাফী পরীক্ষার ঘোষণা করার পাশাপাশি ফেসিলিটি ডিরেক্টর জানান "প্রতি বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত হাসপাতাল থেকে স্তন ক্যানসার সম্পর্কিত যাবতীয় চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।"
হাসপাতাল প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, "২ বছর আগে 'নারায়ণা হসপিটাল, বারাসাত'-এ শুরু হয়েছিল ক্যানসার বিভাগ। এই মুহূর্তে হাসপাতালে গায়ানাকোলজিক ওঙ্কোলজি, হেমাটো ওঙ্কোলজি (রক্তের ক্যানসার), হেড অ্যাণ্ড নেক ওঙ্কোলজি (মাথা ও গলার ক্যানসার), ইন্টারভেনশনাল ওঙ্কোলজি-র পাশাপাশি মেডিক্যাল ওঙ্কোলজি বিভাগের অধীনে রোগীরা নানান পরিষেবা পেলেও, এবার স্তন ক্যানসার সম্পর্কিত পরিষেবাও এই হাসপাতাল থেকে দেওয়া সম্ভব হবে।"
সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে ব্রেস্ট ওঙ্কোলজি এবং ওঙ্কোপ্লাস্টিক সার্জারি বিভাগের পরামর্শদাতা চিকিৎসক প্রগতি সিংহল (Dr. Pragati Singhal, Consultant Breast Oncology & Oncoplastic Surgery) ব্রেস্ট ক্যানসার সম্পর্কিত মহিলাদের আতঙ্ক দূর করতে গিয়ে জানান, "এখন ২০২৬ সাল চলছে, আজকের সময় একদিকে যেমন প্রাথমিক পর্যায়ে রোগ সনাক্ত করা গেলে স্তন বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, তেমনই প্রয়োজনে স্তন বাদ দিতে হলেও ক্ষেত্রবিশেষে শল্যচিকিৎসার মাধ্যমে পুনর্নির্মাণও সম্ভব।"


Comments
Post a Comment