যেকোনো মানবিক বিষয়ে ছাত্রীরা ব্যারাকপুরের বিধায়ককে পাশে পাবে : প্রীতি কর বাগচী


হীরক মুখোপাধ্যায় 

ব্যারাকপুর (১অগস্ট '২৬):- "শিক্ষা, স্বাস্থ্য বা মানবিক সহায়তা বিষয়ে কখনো কোনো সমস্যায় পড়লে নিঃসঙ্কোচ পরিবার বা বিদ্যালয়ের মাধ্যমে বিধায়ককে জানাবে। সব সময় মনে রাখবে পশ্চিমবঙ্গের মানবিক সরকার তোমাদের পাশে আছে।" ঠিক এই ভাষাতেই আজ বিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের আশ্বস্ত করলেন ব্যারাকপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নবনির্বাচিত বিধায়ক কৌস্তভ বাগচীর স্ত্রী আইনজীবী প্রীতি কর বাগচী।

'সংকল্প ফাউণ্ডেশন'-এর আহ্বানে আজ 'টিটাগড় পৌর মাধ্যমিক বালিকা বিদ্যালয়'-এর পড়ুয়াদের মধ্যে ১৬০ জন পড়ুয়ার হাতে 'স্যানিটারি ন্যাপকিন' তুলে দিতে এসে শ্রীমতী কর বাগচী এই কথা বলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, 'ব্যারাকপুর সিটি হসপিটাল'-এর আর্থিক সহযোগিতায় আজ কিছু ছাত্রীদের হাতে 'স্যানিটারি ন্যাপকিন' তুলে দিল 'সংকল্প ফাউণ্ডেশন'।

এই মহতী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে 'ব্যারাকপুর সিটি হসপিটাল'-এর দুই স্টাফ নার্স সঙ্গীতা দাস ও ঐন্দ্রিলা সাহা ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ব্যবহৃত 'স্যানিটারি ন্যাপকিন' বাইরে ফেলার বিষয়ে ছাত্রীদের সতর্কতার পাঠ দিতে গিয়ে জানান, "ভারতের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা (Solid Waste Management Rule) অনুযায়ী ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন কাগজে মুড়ে লাল রঙের পাত্রে (Red Bin) ফেলা উচিত। কিন্তু স্থানীয় পৌরসভা নাগরিকদের ব্যবহারের জন্য শুধুমাত্র সবুজ ও নীল রঙের দুটো পাত্র বা বালতি দেয়, এমনকি পৌরসভার সাফাইকর্মীদের কাছেও লাল পাত্র থাকে না। তাই এগুলো পৌরসভা নিযুক্ত সাফাইকর্মীদের পাত্রে ফেলার আগে সতর্কতা অবলম্বন করা আমাদের সবার নাগরিক কর্তব্য।"

বলে রাখা ভালো, ভারতের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী পৌরসভা প্রদত্ত সবুজ রঙের পাত্রে পচনশীল পদার্থ (রান্নাঘরের বর্জ্য, শাকসবজির খোসা বা খাবারের অবশিষ্টাংশ ইত্যাদি) এবং নীল রঙের পাত্রে অপচনশীল পদার্থ (প্লাস্টিক, কাঠ, ধাতু বা ওই জাতীয় পদার্থ) এবং কালো রঙের পাত্রে বিপজ্জনক বর্জ্য (ব্যাটারি, অ্যাসিড বা রাসায়নিক রাখার পাত্র, বাল্বের ভাঙা অংশ ইত্যাদি) জমা করার কথা বলা আছে। 

জনহিতার্থে 'সংকল্প ফাউণ্ডেশন'-এর এই কর্মকাণ্ডকে অভিনন্দন জানিয়ে 'টিটাগড় পৌর মাধ্যমিক বালিকা বিদ্যালয়'-এর ভারপ্রাপ্ত শিক্ষিকা সোমা ভট্টাচার্য বলেছেন, "অর্থনৈতিকভাবে সমাজের পিছিয়ে পড়া অংশের কল্যাণার্থে এই ধরণের অনুষ্ঠান যত হয় ততই ভালো।"

অন্যদিকে 'সংকল্প ফাউণ্ডেশন'-এর কর্ণধার নরেন্দ্র সিং বলেছেন, "সমাজের সব শ্রেণীর নাগরিকদের সহায়তা নিয়ে আগামী দিনে আরো বেশি করে কল্যাণমূলক কাজে লিপ্ত হওয়াই এই মুহূর্তে 'সংকল্প ফাউণ্ডেশন'-এর একমাত্র লক্ষ্য।"

                                                ছবি :- সপ্তর্ষি বিশ্বাস 

Comments