কলকাতা (২২ জুলাই '২৬):- আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অঙ্গ রূপে সঙ্গীত চিকিৎসা (Music Therapy) মানুষের মন ও মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে একজন অসুস্থ রোগীকে কীভাবে সুস্থতার পথে নিয়ে যেতে পারে তার উপর আজ এক মনোজ্ঞ আলোচনা সভা পরিচালনা করল মণিপাল হাসপাতাল গোষ্ঠী (Manipal Hospitals Group)-র ছত্রছায়ায় চলা সল্টলেকের মণিপাল হাসপাতাল (Manipal Hospital, Salt Lake)।
বলে রাখা ভালো, 'সবার জন্য মগজের স্বাস্থ্য' (Brain Health, Access for All) এই ভাবনাকে আধার করে 'ওয়ার্ল্ড ফেডারেশন অব নিউরোলজি'-র প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বছর পালিত হচ্ছে 'বিশ্ব মগজ দিবস'।
এই মুহূর্তে সমগ্র বিশ্বে ৩.৪ বিলিয়ন মানুষ মগজ সংক্রান্ত কোনো না কোনো রোগে ভুগছেন। ওষুধের পাশাপাশি সঙ্গীতের সহযোগিতা নিয়ে বর্তমানে চিকিৎসা প্রদান করা হচ্ছে এই সব রোগীদের।
'ওয়ার্ল্ড ফেডারেশন অব নিউরোলজি'-র মতে সঙ্গীত চিকিৎসার ফলে রোগীদের একদিকে যেমন উদ্বেগ ও চাপ কমার ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি বিধান হতে পারে। এর পাশাপাশি এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে রোগীর স্নায়বিক ও শারীরিক পুনর্বাসনও সম্ভব সাথে সাথে স্মৃতিভ্রংশের মতো রোগের ক্ষেত্রেও ক্ষেত্রবিশেষে সঙ্গীত চিকিৎসা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সক্ষম।'
'বিশ্ব মগজ দিবস' (World Brain Day) উপলক্ষ্যে আয়োজিত এই সভায় অতিথি রূপে উপস্থিত ছিলেন, কলকাতার সাংস্কৃতি পরিমণ্ডলের পরিচিত মুখ অলোকানন্দা রায়, গায়ক ও অর্থনীতিবিদ ডঃ শমিক পাল, 'ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার'-এর নির্দেশক আশিস গিরি, গায়িকা ও বিজ্ঞানী ডঃ তন্য দাস সহ অন্য বিশিষ্ট অতিথিগণ।
অনুষ্ঠানে রোগী, রোগীর পরিবার, পরিষেবিকা ও অতিথিবর্গের সামনে 'সঙ্গীত চিকিৎসা'-র সদর্থক ভূমিকার বিষয়ে প্রাঞ্জলভাবে বুঝিয়ে বলেন মণিপাল হসপিটাল-এর সল্টলেক শাখার স্নায়ুরোগ বিভাগের বরিষ্ঠ পরামর্শদাতা অধ্যাপক চিকিৎসক অংশু সেন এবং পরামর্শদাতা চিকিৎসক শুভজিৎ পাল।


Comments
Post a Comment