ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য শক্তিশালী করার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মনস্তাত্ত্বিক পাঠ দিচ্ছে সেন্ট অগস্টাইন'স ডে স্কুল
কলকাতা (২৭ জুলাই '২৬):- বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের সুরক্ষা এবং মানসিক অনুশীলন শক্তিশালী করার লক্ষ্যে হায়দরাবাদের 'আজিম প্রেমজী ফাউণ্ডেশন' এবং 'সেন্ট অগস্টাইন'স ডে স্কুল'-এর যৌথ উদ্যোগে আজ থেকে বিদ্যালয়ের পার্ক স্ট্রিট শাখার 'সি আর গ্যাসপার হল'-এ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য শুরু হল 'ইন্টারভেনশন ফর স্ট্রেনগ্দেনিং চাইল্ড মেন্টাল হেলথ অ্যাণ্ড প্রোটেকশন ইন স্কুলস' নামাঙ্কিত তিনদিনের এক আলোচনা সভা ও কর্মশালা।
শিশু মনস্তত্ত্ববিদ ডঃ শেখর শেষাদ্রি এবং ডঃ শিলা রামস্বামী এবং 'সেন্ট অগস্টাইন'স ডে স্কুল'-এর পার্ক স্ট্রিট শাখার অধ্যক্ষ ডঃ রিচার্ড গ্যাসপার আজ এক সংযুক্ত সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে জানান, "বিদ্যালয়ে আসা প্রত্যেক শিশুই আলাদা সত্তার মালিক। এদের প্রত্যেকের শারীরিক ও মানসিক চাহিদা পৃথক, এদের পারিবারিক পরিবেশ ও আর্থিক ক্ষমতাও সম্পূর্ণ আলাদা। তাই এক ধরনের চিন্তা করে সব শিশুর প্রগতি বা বিকাশ ঘটানো সম্ভবপর নয়।"
সাংবাদিক সম্মেলনে ডঃ শেষাদ্রি বারংবার বলেন, "বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদার ব্যবহার, ছাত্রছাত্রীদের কথা শোনার মানসিকতা তথা তাদের সাথে একাত্ম হয়ে ওঠার প্রয়াস বিদ্যালয়ের ভেতরে ও বিদ্যালয়ের বাইরে অনাকাঙিক্ষত ঘটনা রোধে অনেকাংশেই সহায়ক হতে পারে।"
বিদ্যালয়ের তরফ থেকে আশা প্রকাশ করে বলা হয়েছে, "এই আলোচনা সভা তথা কর্মশালা সার্থক রূপায়ণ হলে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীদের ভেতরে আত্মীক বন্ধন আরো প্রগাঢ় হবে।"

Comments
Post a Comment