সরকারী জমি থেকে গাছ কেটে বিক্রি করে দিলেও অধরা দুষ্কৃতী


হীরক মুখোপাধ্যায় 

বারাসাত (২৬ জুলাই '২৬):- পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, "এবার ভয় আউট, ভরসা ইন"। কিন্তু তাঁর ওই বক্তব্য যে অনেক দুষ্কৃতীর মনোবল বাড়াতে পারে তা স্বপ্নেও ভাবতে পারছেন না উত্তর ২৪ পরগণা জেলার গণদীপায়ণের বাসিন্দারা।

সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার পরে বারাসাত পুলিশ জেলার অধীন গোবরডাঙা থানায় জমা পড়া অভিযোগ (জিডি ১২৫৯ তারিখ :- ২৩ জুলাই '২৬)-এর পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকা থেকে জানা গেছে- "এলাকার বাসিন্দা আশিস ব্যানার্জি ও তাঁর ছেলে সায়ন ব্যানার্জি (২৪) সম্প্রতি যশোর রোড লাগোয়া কয়েকটা মূল্যবান মেহগনি ও অন্যান্য গাছ কেটে বেলঘরিয়ার জনৈক সৌরভ দত্ত-র কাছে বিক্রি করে দেন। 

শুধু তাই নয় এই পিতাপুত্র জুটি এলাকার প্রবীণ পুরোহিত হরিপদ চক্রবর্তী-র বসতবাড়ির পাঁচিল ভাঙতে গেলে হরিপদবাবু যখন প্রতিবাদ করতে বের হন, তখন তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করার পাশাপাশি পরবর্তী সময়ে তাঁর একমাত্র পুত্রকে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে খুন করার হুমকিও দেয়।"

বলে রাখা ভালো, সরকারি জমি থেকে অন্যায়ভাবে সায়নের গাছ কাটার খবর পেয়ে এলাকায় খবর সংগ্রহে গেলে সাংবাদিক উদয়শঙ্কর দাস ও সমর বিশ্বাস-এর সামনেই সাংবাদিক প্রসেনজিৎ নস্কর-এর উপরেও হামলা চালায় সায়ন।

এলাকার জনগণের মতে, "সায়ণ ব্যানার্জীর বিরুদ্ধে অতীতেও বিভিন্ন ফৌজদারি অভিযোগ উঠেছিল। নাবালিকাকে ধর্ষণ, শীলতাহানি, মস্তানি, দেশি মদ বিক্রি, চুরি, একাধিক মানুষকে কামড়ানো, হুমকি-সহ রকমারি অভিযোগ রয়েছে ।" 

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে বারাসাত প্রেস ক্লাব তীব্র নিন্দা জানিয়ে উত্তর ২৪ জেলার সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে নির্দিষ্ট অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হয় নি।


Comments