প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন শিব উদ্যানে সাফাই অভিযান চালাল সংকল্প ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায় 

বারাকপুর (২৫ জুলাই '২৬):- শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার (অন্য কিছু রাজ্যে ৩০ আষাঢ়) ঘোষ পাড়া রোড সংলগ্ন ভট্টাচার্য পাড়ার 'শিব উদ্যান'-এ সাফাই অভিযান চালাল 'সংকল্প ফাউণ্ডেশন'।

ভারত সরকারের 'প্রতিরক্ষা মন্ত্রক'-এর নিয়ন্ত্রণাধীন একখণ্ড জমির উপর দণ্ডায়মান এক অশ্বত্থ গাছ দীর্ঘদিন ধরেই ভট্টাচার্য পাড়ার অন্যতম আস্থা ও বিশ্বাসের কেন্দ্র। ১৯৯৩ সালের ২২ ফেব্রুয়ারি এলাকার কিছু ধর্মপ্রাণ জনগণের উদ্যোগে এই অশ্বত্থ গাছকে ঘিরে গড়ে উঠেছে 'শিব উদ্যান'।

আজ সকালে 'শিব উদ্যান'-এর ভেতরে নির্মিত 'শিব মন্দির' ও মন্দির সংলগ্ন পাকা চাতাল এবং চাতালের বাইরের অংশে সাফাই অভিযানে অংশগ্রহণ করে 'সংকল্প ফাউণ্ডেশন'-এর একঝাঁক সদস্য।

ভট্টাচার্য পাড়ায় বসবাসকারী নাগরিকদের কথায় "একটু বেলায় গোটা দশেক লোক এসে 'শিব উদ্যান'-এর চাতালে পড়ে থাকা অশ্বত্থ পাতা ঝাড়ু দিয়ে পরিস্কার করে চাতাল সুগন্ধি ফিনাইল দিয়ে ধুয়ে দেওয়ার পাশাপাশি উদ্যান সংলগ্ন বেলগাছের সামনে গজিয়ে ওঠা আগাছা সাফ করে পড়ে থাকা নোংরা সরিয়ে দিয়ে উদ্যান চত্বরে ব্লিচিং ছড়িয়ে দিয়েছেন।"

সাফাই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে 'সংকল্প ফাউণ্ডেশন'-এর কর্ণধার নরেন্দ্র সিং জানিয়েছেন, "শ্রাবণ মাস উপলক্ষ্যে অগণিত শিব ভক্ত এখানে জলাভিষেক করতে আসেন, তাঁদের সুবিধার্থে ও এলাকা প্রদূষণ মুক্ত রাখার উদ্দেশ্যেই আমাদের এই সাফাই অভিযান। তবে সাফাই অভিযানের পাশাপাশি আজ প্রতিষ্ঠিত শিবলিঙ্গে জলাভিষেক সহ সামান্য পূজাও করা হয়েছে।" 

'সংকল্প ফাউণ্ডেশন'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আজকে সাফাই অভিযান সার্থক করার জন্য এগিয়ে এসেছিলেন রাজু শাহ, বিজন সুর, রাজু সুর, মনোজিৎ ভগৎ, বাবলু নন্দী, সুরেন ধর, নির্মল দাস, আকাশ রায়, হিতানন্দ গোস্বামী, জগদীশ পটেল, রাহুল সেনগুপ্ত সহ এলাকার একাধিক সমাজসেবী ও বিশিষ্ট জন। 

Comments