নারায়ণা হসপিটাল বারাসাতে চালু হল বোটক্স অ্যাণ্ড মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক


হীরক মুখোপাধ্যায় 

বারাসাত (২৩ জুলাই '২৬):- আজ থেকে নারায়ণা হসপিটাল বারাসাত (Narayana Hospital, Barasat)-এ চালু হল বোটক্স অ্যাণ্ড মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক (Botox & Movement Disorder Clinic)।

হাসপাতালের স্নায়ুরোগ বিভাগের দুই চিকিৎসক অম্লানকুসুম দত্ত (Dr. Amlan Kushum Dutta, MD, DM, MRCP) ও অনন্যা দাস (Dr. Ananya Das, MD, DM)-কে পাশে নিয়ে সংস্থার সুবিধাসমূহের নির্দেশক শুভাশিষ ভট্টাচার্য (Shubhashis Bhattacharyay, Director of Facilities, Narayana Haospital Barasat) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বারাসাত ও আশেপাশের অন্যান্য অঞ্চলের জনগণের সুবিধার জন্য আজ থেকে বারাসাতের নারায়ণা হাসপাতালে স্নায়ুরোগ বিভাগের অধীনে চালু হল 'বোটক্স অ্যাণ্ড মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক'। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার অপরাহ্ণ ২ টো থেকে ৫ টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।"

একনজরে বুঝে নেওয়া যাক বোটক্স কী ও কখন ব্যবহৃত হয় :-

অতিরিক্ত সক্রিয় পেশি ও স্নায়ুকে শিথিল করতে সহায়তা করে বোটুলিয়াম টক্সিন (Botulinum Toxin) সংক্ষেপে বোটক্স (Botox) ইনজেকশন।

স্ট্রোকের পর শরীরের কোনো অংশ যেমন ঘাড়, মুখ বেঁকে গেলে বা শক্ত হয়ে গেলে, পারকিনসন রোগে, বা অনিয়ন্ত্রিত ভাবে চোখের পলক পড়লে, লেখার সময় হাতের খিঁচুনি বা মুখ কিংবা গালের একাংশের খিঁচুনি, মাইগ্রেন এবং অতিরিক্ত লালা ঝরা কমাতে বর্তমান সময়ে বোটক্স ইনজেকশন দেওয়া হচ্ছে।

'বোটক্স অ্যাণ্ড মুভমেন্ট ডিসঅর্ডার' পরিষেবার সাথে যুক্ত চিকিৎসক অম্লানকুসুম দত্ত সাংবাদিকদের বলেছেন, "আপাতদৃষ্টিতে মনে হতে পারে বোটক্স ইনজেকশনের দাম বেশি। কিন্তু দৈনন্দিন সমস্যা নিরসনে কোনো রোগীকে যদি দিনে দুটো বা তিনটে করে খাওয়ার ওষুধ কিনতে হয় তাহলে টানা দু-তিনমাসের ওষুধ একসাথে কিনতে যে টাকা খরচ হবে, 'বোটক্স ইনজেকশন'-এর দাম সেই অনুপাতে কম।

শরীরের চামড়ার একেবারে ওপরের অংশে এই ইনজেকশন দেওয়া হয় বলে রোগীর শরীরে ইনসুলিন ইনজেকশন নেওয়ার মতোই লাগে, এর বেশি কিছু নয়। সজ্ঞানেই রোগীদের এই ইনজেকশন দেওয়া হয়।"

চিকিৎসক অম্লানকুসুম দত্ত-র পাশে বসে চিকিৎসক অনন্যা দাস জানিয়েছেন, "প্রতি চার মাস অন্তর রোগীদের নিতে হয় 'বোটক্স' ইনজেকশন।"


Comments