সারকোমাকে আয়ত্তে এনে আজ মণিপাল হসপিটাল চত্বরে মনের আনন্দে নাচলেন রোগীরা


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৮ জুলাই '২৬):- 'সারকোমা' সচেতনতা মাস উপলক্ষ্যে মণিপাল হসপিটাল ই এম বাইপাস (Manipal Hospital EM Bypass)-এর অনুষ্ঠান কক্ষে 'সারকোমা সারভাইভর মিট ২০২৬' (Sarcoma Survivor Meet 2026) নামাঙ্কিত অনুষ্ঠানে আজ মনের আনন্দে মাতলেন 'সারকোমা'-কে আয়ত্তে আনা ব্যক্তিরা।

মৃত্যুভয়কে হেলায় পাশে সরিয়ে রাখা ব্যক্তিদের ফুরফুরে মেজাজে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান আজ দুচোখ ভরে দেখেছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ডাঃ মুকুল ভট্টাচার্য, রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচিত মুখ স্বামী কৃপাকরানন্দ মহারাজ, সেবানিবৃত্ত সাংবাদিক তরুণ গোস্বামী সহ হাসপাতালের ক্যানসার বিভাগের বরিষ্ঠ চিকিৎসকগণ।

বলে রাখা ভালো, সারকোমা হলো এক ধরনের বিরল ক্যান্সার যা শরীরের হাড়, চর্বি, পেশী, রক্তনালী, স্নায়ু এবং অন্যান্য সংযোজক কলা বা নরম তরুণাস্থিতে হয়ে থাকে। 

চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন অনুসন্ধান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বয়স্ক (১ শতাংশ)-দের তুলনায় ছোটদের এই রোগ (১৫ শতাংশ) বেশি হয়ে থাকে।

হাসপাতাল চত্বরে আয়োজিত আজকের অনুষ্ঠানে রোগকে জয় করে আনন্দে মাতোয়ারা ব্যক্তিদের মনোবল বাড়াতে বিশেষ বক্তব্য রাখেন হাসপাতালের চিকিৎসক কৌশিক নন্দী, চিকিৎসক অরুণিমা দত্ত সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ।

Comments