ব্যারাকপুর (১৭ জুলাই '২৬):- জনহিতের লক্ষ্যে ধীর গতিতে অথচ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে উত্তর ২৪ পরগনার অন্যতম সমাজসেবী সংগঠন 'সংকল্প ফাউণ্ডেশন'। জন্মের নিরিখে সদ্যজাত হলেও এই সংগঠন ও সংগঠনের সাথে জড়িত সদস্য ও সদস্যাদের কর্মকাণ্ড বাস্তবিক অর্থেই তারিফ পাওয়ার যোগ্য।
এই মুহূর্তে 'ব্যারাকপুর সিটি হসপিটাল'-এর গা লাগোয়া এক ছোট্ট জায়গা থেকে মাসাধিক কাল ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী পিপাসু মানুষদের নিখরচায় দিনরাত জল পান করিয়ে চলেছে 'সংকল্প ফাউণ্ডেশন'।এলাকার জনগণের বক্তব্য অনুযায়ী, 'ব্যারাকপুর সিটি হসপিটাল' এবং 'ফ্লিপকার্ট'-এর দপ্তরের ঠিক মাঝখানে প্রায় দেড় মাস দিনরাতের এই নিঃশুল্ক 'জলসত্র' চালু থাকার ফলে এলাকা দিয়ে যাতায়াতকারী মানুষজন প্রকৃত অর্থেই লাভবান হয়েছেন।
'সংকল্প ফাউণ্ডেশন'-এর কর্ণধার নরেন্দ্র সিং-এর বক্তব্য অনুযায়ী, "বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান ও সহায়তা পাওয়ার ফলে নিখরচায় পথচারীদের জল পান করানো সম্ভব হচ্ছে। 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড', ইংরেজি মাধ্যমের দু-একটা স্কুল, সহ অন্যান্য উল্লেখ যোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের থেকে পাওয়া দান আমাদের এই জনহিতকর কাজ করতে উৎসাহিত করেছে।"
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, "পথ চলতি মানুষদের নিখরচায় জল বাতাসা খাওয়ানোর জন্য ইতিমধ্যে ৫০ জন ব্যক্তি 'সংকল্প ফাউণ্ডেশন'-এর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
দানের টাকা থেকেই এই সংস্থা পথচারীদের ৯০০ লিটার বিশুদ্ধ জল-বাতাসা কখনো বা গ্লুকন-ডি মেশানো জল খাওয়াতেও সমর্থ হয়েছে।"
পিপাসার্ত জনগণকে শুধু জলদানই নয় বরং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া নরনারীদের লজ্জা নিবারণের জন্যও গত দু'বছর ধরে নাগাড়ে কাজ করে চলেছে মানবহিতৈষী এই সংগঠন।
সংগঠনের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে কথা বলতে গিয়ে 'সংকল্প ফাউণ্ডেশন'-এর প্রাণপুরুষ নরেন্দ্র সিং আরো জানিয়েছেন, "সব কিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে টিটাগড় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কচিকাঁচাদের নিখরচায় শারীরশিক্ষা প্রদান সহ অন্যান্য বহুমুখী উন্নয়নের লক্ষ্যে জনহিতকর কিছু কাজ শুরু করতে চলেছে 'সংকল্প ফাউণ্ডেশন'।"
ছবি :- সপ্তর্ষি বিশ্বাস



Comments
Post a Comment