কলকাতা (১৬ জুলাই '২৬):- চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরা মেনে ভগবান জগন্নাথের 'রথযাত্রা'-র পবিত্র মুহূর্তে মা কালী-র 'কাঠামো পুজো' সম্পন্ন করল 'ফাটা কেষ্ট'-র কালীপুজোর বর্তমান আয়োজক 'নব যুবক সংঘ'। আজ এ কথা আর বলার অপেক্ষা রাখে না, ৫৩ বি, কেশবচন্দ্র সেন স্ট্রিট-এ অর্ধশতাব্দীর বেশি সময় ধরে পূজিতা হয়ে আসছেন মা।
কলকাতার ৫১১, রবীন্দ্র সরণীতে মিন্টু পালের মৃৎশিল্পাগারে প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলী, ভারতীয় জনতা পার্টি-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সম্পাদক সঞ্জয় মিশ্র, বেলেঘাটা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক কুনাল ঘোষ, কলকাতা পৌরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি বিশ্বরূপ দে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মায়ের কাঠামো পুজো সম্পন্ন হল।
কাঠামো পুজো উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন কৌতূহল নিরসনের লক্ষ্যে 'ফাটা কেষ্ট' খ্যাত কালীপুজোর সাংগঠনিক সম্পাদক প্রবন্ধ রায় ওরফে 'ফান্টা' জানিয়েছেন, "ফাটা কেষ্ট খ্যাত কলকাতার অন্যতম প্রসিদ্ধ কালীপুজো এই বছর ৬৯ বছরে পদার্পণ করতে চলেছে। গত বছরের মতো এই বছরেও মাতৃ প্রতিমা নির্মাণ করছেন কলকাতার অন্যতম সেরা মৃৎশিল্পী মিন্টু পাল। মাতৃমূর্তির পুরনো নির্মাণ রীতি মেনে এবারেও মাতৃমূর্তি নির্মাণ করা হবে।"

Comments
Post a Comment