মুক্তির অপেক্ষায় ডাঃ সাধন পাইকের ত্রয়োদশ ছবি ময়না


হীরক মুখোপাধ্যায় 

হুগলি (১১ জুলাই '২৬):- মুক্তির প্রহর গুনছে ডাঃ সাধন পাইকের ত্রয়োদশতম স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র 'ময়না'

স্বল্প মেয়াদি ছবির প্রযোজক সংস্থার তথ্য অনুযায়ী 'ময়না' নামাঙ্কিত এক বিদ্যালয় পড়ুয়ার স্বপ্নভঙ্গ, যৌনপল্লীতে আশ্রয় এবং আশ্রয়দাত্রীর কৃপায় কয়েক বছর বাদে একজন চিকিৎসক রূপে চিহ্নিত হওয়ার কল্পিত ঘটনাকে আধার করেই নির্মিত হয়েছে 'ময়না'।

আজ সন্ধ্যায় কলকাতা চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত মুখ ও যশস্বী চলচ্চিত্র পরিচালক বাদল সরকার, আলোকচিত্রী পার্থ সাহা ও দুই ব্যবসায়ী গোপাল দাস ও কার্তিক অধিকারীর উপস্থিতিতে 'প্রিমিয়ার শো' রূপে প্রদর্শিত হল ডাঃ সাধন পাইক নির্দেশিত ২০ মিনিটের স্বল্পমেয়াদি চলচ্চিত্র 'ময়না'।

চলচ্চিত্র মুক্তির প্রাক মুহূর্তে 'ময়না'-র নির্দেশক ডাঃ সাধন পাইক জানিয়েছেন, "খোলা চোখে যে ঘটনা দেখা যায়, অনেক সময় তার পেছনেও থাকে চমকে ওঠার মতো আর এক না জানা ঘটনা। এরকমই এক রোমাঞ্চকর কাহিনি নিয়ে নির্মিত হয়েছে পুরোপুরি সামাজিক চলচ্চিত্র 'ময়না'।"

'প্রিমিয়ার শো' শেষ হওয়ার পর যৌনপল্লীর মাসি সুহাসিনীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আলপনা সাঁতরা জানিয়েছেন, "জীবনে প্রথমবার ক্যামেরার সামনে শিল্পী রূপে ঘুরেছি ফিরেছি সংলাপ বলেছি, আমার এই সামান্য প্রয়াস যদি কারোর মনকে ছুঁয়ে যায়, সেটাই হবে আমার জন্য পরম পাওনা।"

অপরদিকে এই চলচ্চিত্রে ময়না-র নামভূমিকায় অভিনয় করা সপ্তদশী কিশোরী তৃষা সেনাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "কারো জীবনে স্বপ্ন ভেঙে যাওয়ার পর নতুন করে স্বপ্ন দেখা হয়তো উচিত নয়, কিন্তু কোনো স্বপ্নসম ঘটনা যদি কোনো যৌনকর্মীর জীবনে প্রকৃত আশার আলো জ্বেলে দিতে পারে, তাহলে সেরকম স্বপ্নময় কাহিনী দেখতে অসুবিধা কোথায়! এরকমই এক কাহিনি দেখতে হলে চোখ রাখতে হবে 'ময়না'-র দিকে।"



Comments