কলকাতা (১০ জুলাই '২৬):- উৎসবের মরশুমে বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে একশো মিনিটের পূর্ণ দৈর্ঘ্যের কাহিনীচিত্র 'কুয়াশার আড়ালে' (Bengali Feature Film Kuashar Arale)।
ঘটনাচক্রে পাহাড়ি এলাকায় ভ্রমণে গিয়ে একজন মহিলার দুর্ঘটনায় পড়া, তাঁর জীবনে দুজন পুরুষের আগমন, প্রত্যেকের আলাদা আলাদা ব্যক্তিগত জীবন, পৃথক পৃথক চাহিদা তবুও মাকড়সার জালের বন্ধনের মতো কোনো এক দুর্নিবার অমোঘ আকর্ষণে একে অপরের কাছে এসে পড়া। সম্পর্কে জড়াতে যাওয়ার পথে বিভিন্ন নাটকীয় মুহূর্ত পার্থিব আকাঙ্ক্ষার পূর্তি বা পূর্তি বা পাত্রপাত্রীদের তাৎক্ষনিক প্রতিক্রিয়াকে একজন মনোবিজ্ঞানের চিকিৎসক (শ্রাবণী ঘোষ) রূপে কী চোখে দেখছেন এইসব ঘটনার কোলাজ নিয়েই নির্মিত হচ্ছে 'কুয়াশার আড়ালে'।
'এস আর এন্টারটেনমেন্ট'-এর প্রযোজনায় ও সুমিত দাশ-এর পরিচালনায় এই বছর লক্ষ্মী পুজোর আশেপাশে বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে 'কুয়াশার আড়ালে'।
আজ কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই কাহিনীচিত্রের কাহিনীকার ও চিত্রনাট্যকার তথা পরিচালক সুমিত দাশ বলেছেন, "ভালোবাসা কখনো হারায় না, শুধু কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে এই ভাবনাকে পাথেয় করেই নবীন প্রতিভাধর শিল্পীদের নিয়ে নির্মিত হচ্ছে বাংলা কাহিনীচিত্র 'কুয়াশার আড়ালে'।
পাঁচদিন ধরে কালিম্পংয়ে এই কাহিনীচিত্রের বিভিন্ন অংশের দৃশ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে বাকি অংশ কলকাতা ও অন্যান্য স্থান থেকে ক্যামেরায় গ্রহণ করা হবে।"
পরিচালকের পাশে বসে এই কাহিনীচিত্রের নায়িকা রেনিসা ঘোষ বলেছেন,"বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে এগিয়ে চলবে 'কুয়াশার আড়ালে'। এই কাহিনীর শেষ কোথায় তা বোঝার বা নিজের চোখে দেখার জন্য আগ্রহী দর্শককে অবশ্যই বড়ো পর্দার দিকে তাকিয়ে থাকতে হবে।"


Comments
Post a Comment