নতুন সরকারের কাছে স্বীকৃতির প্রত্যাশা করছে কলকাতা লাইভ ব্যাণ্ড অর্গানাইজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১ জুলাই '২৬):- পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবার সরাসরি আইনানুগ স্বীকৃতির প্রত্যাশা করল 'কলকাতা লাইভ ব্যাণ্ড অর্গানাইজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'।

আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের তরফে আক্ষেপ প্রকাশ করে সংগঠনের প্রাক্তন অধ্যক্ষ বাদল সরকার জানান, "আমাদের সদস্য ও সদস্যাগণ কয়েক দশক ধরে কলকাতার বুকে 'ব্যাণ্ড অর্গানাইজার্স' রূপে কাজ করে গেলেও এখনো সেভাবে আইনি স্বীকৃতি পায় নি। আমরা আশা করব নতুন সরকার এ বিষয়ে নজর দেবে।"

বাদলবাবুর সাথে সঙ্গতি রেখে সংগঠনের অপর প্রবীণ সদস্য কুমারেশ ঘোষ ওরফে বুম্বা জানান, "তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সঙ্গে আগে যোগাযোগ করলেও লাভবান হওয়া যায়নি। আশা করব বিজেপি সরকার আমাদের দাবির প্রতি সদয় হবে।"

বলে রাখা ভালো, এতদিন কলকাতার বুকে কোনো হোটেলে সঙ্গীত শিল্পী এবং বাদকদল জোগান দিতে গেলে আগে কলকাতা পৌরনিগমে যোগাযোগ করতে হত, পরে লালবাজারে গিয়ে বিভিন্ন বিভাগে নিজেদের যোগ্যতা প্রমাণ করার পর নির্দিষ্ট একটা হোটেলে সঙ্গীত শিল্পী এবং যন্ত্র সঙ্গীত শিল্পী সরবরাহ করা যেত। কিন্তু সেই হোটেলের বাইরে অন্য কোনো হোটেলে সঙ্গীত শিল্পী ও যন্ত্র সঙ্গীত শিল্পী সরবরাহ করা যেত না।

"ইচ্ছা মতো যেকোনো হোটেলে প্রয়োজন মত সঙ্গীত শিল্পী এবং যন্ত্র সঙ্গীত শিল্পী সরবরাহ করার স্বাধীনতা সহ সরকারের কাছ থেকে 'ব্যাণ্ড অর্গানাইজার' রূপে স্বীকৃতি চাইছি," বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে 'কলকাতা লাইভ ব্যাণ্ড অর্গানাইজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর সদস্য ও সদস্যাগণ।

                                               ছবি :- মৃত্যুঞ্জয় রায় 



Comments