কলকাতা (২৩ জুন '২৬):- ভারত বাংলাদেশ সীমারেখায় যখন ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়ছে, ঠিক সেই রকম পরিস্থিতির মধ্যে এবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের মুখ্যালয় (Headquarter, Eastern Command)-এর চৌহিদ্দীর মধ্যে থেকে খোঁজ মিলল জংলী ছাপ পোশাক পরিহিত এক নকল সিআরপিএফ আধিকারিক (Fake CRPF Officer)-এর।
সেনা সূত্র ও হেস্টিংস থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, "মিলিটারি ইন্টেলিজেন্স (MI)-এর কাছে খবর আসে, ফোর্ট উইলিয়ামের সাগত সিং দাওয়ারে অবস্থিত মঙ্গল পান্ডে ট্রেনিং গ্রাউন্ডের (আরসিটিসি) কাছে সিআরপিএফ-এর পোশাক পরা এক ব্যক্তি ঘোরাঘুরি করছে। পরবর্তী পর্যায়ে সেনা গোয়েন্দারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক নজরদারি ও ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সিআরপিএফ-এর নকল সাব ইন্সপেক্টর আকাশ ওরফে বিজয় সোনার (Aakash @ Bijoy Sonar, Fake Sub Inspector, CRPF)-কে আটক করে।"
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনা গোয়েন্দা কর্তৃপক্ষ জানতে পারে, সিআরপিএফ-এর এই নকল আধিকারিক প্রকৃতপক্ষে একজন বাউন্সার। জনৈক শেখ মুজাফফরের সংস্থায় কাজ করে আকাশ। শেখ মুজাফফরের বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গ দিত এই আকাশ ওরফে বিজয় সোনার।
আকাশের কাছ থেকে বাজেয়াপ্ত করা মোবাইল থেকে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় একটা ছবিও পাওয়া গেছে।
ঘটনার অভিঘাতে ফোর্ট উইলিয়াম-এর পক্ষ থেকে কলকাতা পুলিশ-এর অধীন হেস্টিংস থানায় আজ 'ভারতীয় ন্যায় সংহিতা'-র ধারা ৩১৯ (২), ৩১৮ (৪) ও ৬১ (২) ধারায় একটা মামলা রুজু করা হয়েছে।
হেস্টিংস থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, "উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার টিটাগড় থানার তালপুকুর ডাকঘরের অধীন মুক্তপুকুর নতুনপাড়ার বাসিন্দা ২৯ বছরের এই যুবকের কাছ থেকে সিআরপিএফ-এর সাব ইন্সপেক্টরের ব্যাজ, সিপিএফ লোগো, বরিষ্ঠ আইপিএস আধিকারিকদের সাথে নির্বাচনী দায়িত্ব পালনের বিবরণ ও নগদ ১৫ হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে এম আই কর্তৃপক্ষ।"
থানা সূত্রে আরো জানা গেছে, "সেনা গোয়েন্দাদের অভিযোগ অনুযায়ী গত ৩ বছর ধরে বাউন্সার আকাশ ওরফে বিজয় সোনার সিআরপিএফ আধিকারিকের পোশাক পরে ঘুরছিল।"

Comments
Post a Comment