ঝাড়গ্রাম ও দার্জিলিংয়ের দুই বালকের প্রতিযোগিতার মাধ্যমে শিবপুর পুলিস লাইনে শুরু হল সাব জুনিয়র বয়েজ অ্যাণ্ড গার্লস স্টেট বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬
কলকাতা (১৩ জুন '২৬):- ৩৭ থেকে ৪০ কেজি ওজন বিভাগের দুই বালক মুষ্টিযোদ্ধা ঝাড়গ্রামের সমীর কুমার (লাল পোশাক) এবং দার্জিলিং জেলার অস্মিত থাপা (নীল পোশাক)-র মধ্যে 'সাব জুনিয়র বয়েজ' পর্যায়ের দৃষ্টিনন্দন প্রতিযোগিতার মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এল 'সাব জুনিয়র বয়েজ অ্যাণ্ড গার্লস স্টেট বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬'। অতিথিবর্গের সামনে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী হয় ঝাড়গ্রামের সমীর কুমার।
আজ ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আগে এক ছদ্ম যুদ্ধের আদলে একে অপরের প্রতি মুষ্টি তুলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের উৎসাহিত করেন 'ওয়েস্ট বেঙ্গল প্রোগেসিভ বক্সিং অ্যাসোসিয়েশন'-এর অ্যাক্টিং সেক্রেটারি কুনাল শাহ এবং 'হাওড়া ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশন'-এর চালিকাশক্তি।
বলে রাখা ভালো, 'ওয়েস্ট বেঙ্গল প্রোগেসিভ বক্সিং অ্যাসোসিয়েশন'-এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও নজরদারিতে এবং 'হাওড়া ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশন'-এর পরিচালনায় গতকাল থেকে হাওড়া জেলার 'শিবপুর পুলিস লাইনে'-র 'বক্সিং রিং'-এ শুরু হয়েছে এই প্রতিযোগিতা। 'হাওড়া ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশন'-এর অধ্যক্ষ মুকুলনাথ তিওয়ারি বলেছেন, "পশ্চিমবঙ্গের ১৭ টা জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহী ছিলেন কমবেশি একশো প্রতিযোগী ও প্রতিযোগিনী। গতকাল তাঁদের মধ্যে প্রাথমিক ঝাড়াই-বাছাইয়ের পর প্রতিযোগিতার মূল পর্বে পৌঁছেছে জনা ৬০ অংশগ্রহণকারী।"
ক্রীড়া আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "৩৭ থেকে ৪৯ কেজি বিভাগের মধ্যে একদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বালক ও বালিকারা।"
বিশিষ্ট সমাজসেবী অখিলেশ সিং এবং 'হাওড়া ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশন'-এর কার্যকর্তাদের পাশে নিয়ে 'ওয়েস্ট বেঙ্গল প্রোগেসিভ বক্সিং অ্যাসোসিয়েশন'-এর অ্যাক্টিং সেক্রেটারি কুনাল শাহ দ্বর্থ্যহীনভাবে বলেছেন, "এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে প্রথম স্থানাধিকারী ও স্থানাধিকারিণীগণ পাঞ্জাবের জলন্ধরে আয়োজিত জাতীয় পর্যায়ের মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।"



Comments
Post a Comment