সময়ের চাহিদা মেনে রাসায়নিক সার ও কীটনাশক ধীরে ধীরে বর্জন করাটাই এই মুহূর্তে সমাজের আদর্শ কর্তব্য হওয়া উচিত : রেখা পাত্র


হীরক মুখোপাধ্যায় 

বারাসাত (১২ জুন '২৬):- "সময়ের চাহিদা মেনে রাসায়নিক সার ও কীটনাশক ধীরে ধীরে বর্জন করাটাই এই মুহূর্তে সমাজের আদর্শ কর্তব্য হওয়া উচিত," বলে নিজের মতামত প্রকাশ করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ আয়োজিত রাজ্য ব্যাপী 'প্রাকৃতিক কৃষি কর্মশালা'-র অঙ্গ রূপে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক এই কথা জানান।

হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র এবং উত্তর ২৪ পরগনা জেলার কৃষি বিভাগের উপ নির্দেশক জগদীশচন্দ্র মাইতি, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রলয় রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে সাথে নিয়ে আজ সকালে মঙ্গল দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক ও জেলা সমাহর্তা শিল্পা গৌরিসরিয়া।

কর্মশালায় 'রাসায়নিক কীটনাশক ও সারের কুপ্রভাব এবং মাটির স্বাস্থ্য ব্যাবস্থা'-র উপর কৃষকবন্ধুদের অবগত করান ভারত সরকারের কৃষি বিভাগের পরিকল্পনা ও সুরক্ষা উপবিভাগের উপ নির্দেশক ডঃ পাভেল মজুমদার এবং 'সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা, জৈব কৃষি, প্রাকৃতিক কৃষি'-র উপর আলোকপাত করেন ভারত সরকারের 'আইসিএআর' এবং 'সিআরআইজেএএফ'-এর সাথে সম্পর্কযুক্ত বৈজ্ঞানিক ডঃ সোনালী পাল মজুমদার।

ডঃ মজুমদার তাঁর সহজবোধ্য উপস্থাপনায় মানবশরীর ও প্রকৃতির বুকে রাসায়নিক সার ও কীটনাশকের কুপ্রভাব সম্পর্কে কৃষকবন্ধুদের অবগত করান। 

অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উপস্থিত হন বারাসাত বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নবনির্বাচিত বিধায়ক শঙ্কর চ্যাটার্জি, 'ভারতীয় জনতা পার্টি'-র বারাসাত সাংগঠনিক জেলার যুব মোর্চার অধ্যক্ষ শুভঙ্কর সেন সহ একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ।

Comments