বিএমএসের ছত্রছায়ায় আসতে চলেছে নারায়ণা মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল বারাসাতের ঠিকা কর্মচারীদের সংগঠন


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১১ জুন '২৬):- পরিবর্তনের হাওয়া গায়ে মেখে গেট মিটিং সংগঠিত করে প্রকাশ্যে গেরুয়া শিবিরের আশ্রয়ে গেল 'নারায়ণা হ্রুদায়ালয়া লিমিটেড'-এর ছত্রছায়ায় চলা 'নারায়ণা মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল, বারাসাত' (Narayana Multispeciality Hospital, Barasat)-এর চুক্তি ভিত্তিক ঠিকা কর্মচারী সংগঠনের বৃহত্তর অংশ।

আজ হাসপাতালের প্রধান দরজার পাশের অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে 'ভারতীয় মজদুর সংঘ' সংক্ষেপে 'বি এম এস' (BMS)-এর উত্তর ২৪ পরগনা জেলার সহ সচিব গণেশ পাল জানিয়েছেন, "ঠিকাদারী সংগঠনের হাত ধরে নারায়ণা মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল, বারাসাত-এ কর্মরত অনেক কর্মচারীই দীর্ঘদিন ধরে আমাদের সাথে যোগাযোগ রেখে চলছিলেন। সংগঠিতভাবে এবার এঁরা প্রকাশ্যে আসতে চলেছেন।"

বলে রাখা ভালো, 'ভারতীয় জনতা পার্টি' বা 'বিজেপি' (BJP)-র নিজস্ব কোনো শ্রমিক সংগঠন (Labour Organisation) নেই। 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ' সংক্ষেপে 'আর এস এস' (RSS)-এর নিয়ন্ত্রণাধীন 'ভারতীয় মজদুর সংঘ' সংক্ষেপে বি এম এস'-এর নিয়ন্ত্রণেই চলে এই রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন।

'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ'-র অন্যতম প্রচারক বিল্টু শর্মা, 'ভারতীয় মজদুর সংঘ'-র উত্তর ২৪ পরগনা জেলা শাখার কার্যকারী সমিতির অন্যতম সদস্য উত্তম দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে 'ভারতীয় জনতা পার্টি'-র বারাসাত সাংগঠনিক জেলা শাখার অন্যতম সদস্য অমল দে দৃঢ়কণ্ঠে জানিয়েছেন, "রাষ্ট্রহীত, উদ্যোগহীত ও শ্রমিকহীত বিএমএসের প্রধান লক্ষ্য। আশা করি আগামী দিনে 'নারায়ণা মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল, বারাসাত' কর্তৃপক্ষের সাথে 'বিএমএস'-এর পথ চলতে কোনো অসুবিধা হবে না।"

আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, "এই মুহূর্তে 'নারায়ণা মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল, বারাসাত'-এ নিরাপত্তা ও গৃহস্থালি কাজের জন্য নিয়োজিত রয়েছে 'মেসার্স রিতু' এবং খাদ্য ও পানীয় সরবরাহের জন্য নিয়োজিত আছে 'মেসার্স পারফেকশন' নামে দু'দুটো ঠিকাদার সংস্থা, তাঁদের অধীনস্থ শ'দুয়েক কর্মচারীর মধ্যে একটা বড়ো অংশই ইতিমধ্যেই 'বিএমএস'-এ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে, বাকি সদস্যরাও ভবিষ্যতে 'বিএমএস'-এ যোগদান করতে পারে বলে আমাদের বিশ্বাস।

Comments