পশ্চিমবঙ্গের বিদেশি মদ বিক্রেতাদের নেপালে গিয়ে ব্যবসা শুরু করার আহ্বান জানালেন নেপাল সরকারের প্রতিনিধি


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৭ জুন '২৬):- "যদি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার সম্মত হন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিদেশি মদ বিক্রেতাগণ চাইলে নেপালে গিয়ে নির্ঝঞ্ঝাটে মদ এবং হোটেল ব্যবসা শুরু করতেই পারেন," বলে পশ্চিমবঙ্গের বিদেশি মদ বিক্রেতাদের উদ্দেশ্যে খোলা প্রস্তাব দিয়ে গেলেন নেপাল সরকারের পর্যটন বিভাগের প্রতিনিধি ডি এস নেপাল (D S Nepal, Representative, Tourism Board of Nepal) ।

'বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস'-এর বিশেষ মুহূর্তে 'সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার লাইসেন্সসেস'-এর এক বিশেষ সভায় যোগদান করে নিজের বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের বিদেশি মদ বিক্রেতাদের উদ্দেশ্যে এই কথা বলেন নেপাল সরকারের পর্যটন বিভাগের প্রতিনিধি ডি এস নেপাল।

বলে রাখা ভালো, এই বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে রাজনৈতিক শক্তি পরিবর্তন হওয়ার পর সম্প্রতি নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের কাছে একযোগে ৭ দফা দাবি পেশ করেছ 'সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার লাইসেন্সসেস'-এর সহস্রাধিক সদস্য।

এরই পরিপ্রেক্ষিতে আজ 'সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার লাইসেন্সসেস' আহূত সভায় উপস্থিত থেকে 'ভারতীয় জনতা পার্টি'-র অন্যতম সক্রিয় সদস্য শঙ্কুদেব পাণ্ডা বলেন, "আমরা জানি কদিন আগেও মদের বোতল পিছু আপনাদের ৩ থেকে ৫ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে হত। কিন্তু, এখন সরকার বদলে গেছে, তাই এখন আর কাউকেই অনৈতিকভাবে ১ টাকাও আপনাদের দেওয়া উচিত নয়।"

শঙ্কুদেব পাণ্ডার পরে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে নেপাল সরকারের প্রতিনিধি জানান, "আপনারা যদি নেপালে সুরা বা হোটেল ব্যবসা করতে চান, সেক্ষেত্রে নেপাল সরকারের তরফ থেকে আপনারা পূর্ণ সহযোগিতা পাবেন।"

সিবিআই-এর ভূতপূর্ব আরক্ষাধিক্ষক শান্তনু কর ও 'সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার লাইসেন্সসেস'-এর সচিব বিজন পাত্রের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বিদেশি মদ বিক্রেতাদের নেপালে গিয়ে নির্ঝঞ্ঝাটে ব্যবসা শুরু করার আহ্বান জানান নেপাল সরকারের প্রতিনিধি।


উল্লেখ্য, ক্রমবর্ধমান পরিচালন, পরিপালন ও ব্যবসায়িক ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বাণিজ্য মার্জিনের যৌক্তিকীকরণ সহ অবৈধ মদের উৎপাদন, বিতরণ ও বিক্রয় রোধের সাথে সাথে ভোক্তা ও লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা প্রদানের জন্য কঠোরতর প্রয়োগমূলক ব্যবস্থা-র মতো সাত দফার দাবিপত্র পশ্চিমবঙ্গ সরকারের কাছে পেশ করা হয়েছে বলে জানিয়েছেন বিজন পাত্র



Comments