রাজ্যজুড়ে মারকাটারি রাজনৈতিক নাট্যপর্বের মাঝেই মুক্তি পাচ্ছে নতুন বাংলা ওয়েব সিরিজ রতনবাবু


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২ জুন '২৬):- বিধানসভা নির্বাচন পরবর্তী সময় পশ্চিমবঙ্গের তামাম জনগণ যখন প্রতি মুহূর্তে নিখরচায় রাজনৈতিক নাটকের স্বাদ আস্বাদন করছেন, ঠিক সেই আবহে প্রযোজক 'আদিত্য অশোক'-এর হাত ধরে 'অদিকা প্রোডাকশনস'-পরিচালনায় মুক্তি পেতে চলেছে সামাজিক বাংলা ওয়েব সিরিজ 'রতনবাবু'।

আজ টালিগঞ্জে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "আগামী ৫ জুন 'আদিত্য প্রোডাকশনস'-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে 'রতনবাবু'-র প্রথম পর্ব।"

'রতনবাবু'-র কাহিনী, চিত্রনাট্য তথা সংলাপ লেখক সোমনাথ রায়-এর সাথে এক মঞ্চে বসে 'রতনবাবু'-র নির্দেশক সঞ্জয় দাস জানিয়েছেন, "প্রতি মাসে আধঘণ্টার দুটো পর্বে মুক্তি পাবে আমাদের নির্মিত ওয়েব সিরিজ 'রতনবাবু'।

প্রযোজনা সংস্থার পক্ষে বলা হয়েছে, "রতনবাবু এমন এক চরিত্র যা প্রত্যেক ঘরেই দেখা যায়, মধ্যবিত্ত রতনবাবুর জীবন জুড়ে রয়েছে প্রাপ্তি আর অপ্রাপ্তির ঘটনাপ্রবাহ। এই ঘটনারাজির অভিঘাতে একসময় কিছুটা বিষন্ন তথা মৌন হয়ে যান রতনবাবু, সেই সময় তাঁর স্ত্রীর সাহচর্য কীভাবে তাঁকে আবার জীবনযুদ্ধের ময়দানে ফিরিয়ে আনল, এটা নিয়েই শুরু হচ্ছে 'রতনবাবু' নামাঙ্কিত বাংলা ওয়েব সিরিজ।"

'রতনবাবু'-র নির্মাতা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "ওয়েব সিরিজের প্রথম পর্বে মূলত ছয়জনকে অভিনয় করতে দেখা যাবে। 'রতনবাবু'-র নামভূমিকায় অভিনয় করেছেন সঞ্জীব মুখার্জী, রতনবাবু-র স্ত্রী মিতা-র চরিত্রে দেখা যাবে মধুরিমা দত্ত এবং ভোলাদা-র চরিত্রে দেখা যাবে মণীশ চক্রবর্তী সহ আরো তিনজনকে।"

Comments