এলাকায় অবৈধ নাগরিকের সন্ধান পেলেই প্রশাসনকে জানান : তাপস রায়


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৯ মে '২৬):- "আপনার এলাকায় যদি কোনো অবৈধ নাগরিক বা নাগরিকদের চোখে পড়ে, তাহলে তৎক্ষনাৎ স্থানীয় প্রশাসন বা থানায় জানান। ভুল করেও অবৈধ নাগরিকদের প্রশ্রয় বা আশ্রয় দেবেন না, এর ফলে সরকার ও আইনের চোখে আপনিও সাজার পাত্র বলে চিহ্ণিত হবেন," গতকাল সন্ধ্যায় কেশবচন্দ্র সেন স্ট্রিটের এক সামাজিক অনুষ্ঠানে এসে নাগরিকদের সচেতন করতে গিয়ে এমন কথাই জানান মানিকতলা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নবনির্বাচিত বিধায়ক তাপস রায়।

'ভারতীয় জনতা পার্টি'-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার অধ্যক্ষ তমোঘ্ন ঘোষ, জোড়াসাঁকো নির্বাচনী ক্ষেত্রের নবনির্বাচিত বিধায়ক বিজয় ওঝা, 'ভারতীয় জনতা পার্টি' পশ্চিমবঙ্গ প্রদেশ কার্যকারিণী সমিতির অন্যতম সদস্য দেবাশিস পাইনের উপস্থিতিতে বিধায়ক তাপস রায় কেশবচন্দ্র সেন স্ট্রিটে বসবাসকারী নাগরিকদের সচেতনতার পাঠ দেন।

বলে রাখা ভালো, 'আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর আর্থিক সহায়তায় গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমাজের পিছিয়ে পড়া অংশের পরিবারের মহিলাদের বস্ত্র দান, এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি সোনাগাছির যৌনকর্মীদের কতিপয় পুত্রকন্যার হাতে শিক্ষা সামগ্রী প্রদান করে 'রতন দত্ত ওয়েলেফেয়ার সোসাইটি'।

সমাজসেবা মূলক এই অনুষ্ঠানে মীনাদেবী পুরোহিত সহ 'ভারতীয় জনতা পার্টি'-র স্থানীয় অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন মহাশ্বেতা মুখার্জি, স্বর্ণালী ঘোষ, চলচ্চিত্র পরিচালক বিমল দে, 'হিন্দু সৎকার সমিতি'-র অছি পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় রায় প্রমুখ বিশিষ্ট অতিথিবর্গ।




Comments