নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারকে শুভেচ্ছা জানাল জনতা দল ইউনাইটেডের পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১১ মে '২৬):- 'জাতীয় গণতান্ত্রিক গঠবন্ধন' (NDA)-এর অন্যতম শরিক দল রূপে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারকে আজ শুভেচ্ছা ও অভিনন্দন জানাল 'জনতা দল (ইউনাইটেড)' [Janata Dal (United)]-এর পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা।

আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের প্রদেশ মহাসচিব অনিল সিং (Anil Sing, General Secretary, Janata Dal (United), West Bengal) বলেছেন, "জাতীয় গণতান্ত্রিক গঠবন্ধনের অন্যতম শরিক দল রূপে আমরা পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারকে জাতীয়তাবাদী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।"

শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় 'জনতা দল (ইউনাইটেড)'-এর প্রদেশ মহাসচিব আরো জানান, "আমরা আশাবাদী যে ভারতের অন্যান্য প্রান্তের এনডিএ শাসিত প্রদেশগুলোর মতো এবার পশ্চিমবঙ্গও প্রত্যাশা মতো ধীরে ধীরে সার্বিক উন্নয়নের পথে এগিয়ে চলবে।"

'জনতা দল (ইউনাইটেড)'-এর পশ্চিমবঙ্গ শাখার প্রদেশ মহাসচিবের পাশে বসে দলের অন্যতম প্রবীণ নেতা তথা ভূতপূর্ব প্রদেশ অধ্যক্ষ অশোক দাস [Ashok Das, Former President, West Bengal, Janata Dal (United)] বলেছেন, "শুধু বিজেপির পশ্চিমবঙ্গ শাখা বা নবনির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা অপর ২০৬ জন জয়ী বিধায়ককেই নয় বরং আমরা একই সাথে 'জাতীয় নির্বাচন আয়োগ', কেন্দ্রীয় আরক্ষা বিভাগ সহ এই নির্বাচন পরিচালনার সাথে জড়িত সকল প্রশাসনিক আধিকারিক এবং কর্মীদেরও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে পশ্চিমবঙ্গের সকল নির্বাচকমণ্ডলীকেও জানাচ্ছি আমাদের দলের তরফ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন।"

শ্রী দাস তাঁর বক্তব্যে জানিয়েছেন, "এই জয় গণতন্ত্রের জয়, জাতীয় চেতনা উন্মেষের জয়, আমাদের ভুললে চলবে না ভারতের নির্বাচন আয়োগের কর্মদক্ষতার ফলে পশ্চিমবঙ্গের বুক থেকে কুহেলিকা সম নিশাবসানে নবীন সূর্য্যোদয় সম্ভব হয়েছে। আশা করি নতুন আলোর পথ ধরে পশ্চিমবঙ্গের বুকেও সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকার।"

Comments