মনোনয়ন পত্র প্রত্যাহার করে পুনরায় দলে ফিরলেন তাপস মিত্র


এম রাজশেখর 

বারাসাত (১৩ এপ্রিল '২৬):- মনোনয়ন পত্র প্রত্যাহারের মাধ্যমে দলের অভ্যন্তরে সাময়িক বিদ্রোহের অবসান ঘটালেন 'ভারতীয় জনতা পার্টি'-র পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকারিণী সমিতির অন্যতম সদস্য তাপস মিত্র। আজ মধ্যাহ্নে বারাসাত জেলা প্রশাসনিক ভবনে গিয়ে ১১৯ বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন তাপস মিত্র।

অপরাহ্ণে 'ভারতীয় জনতা পার্টি'-র 'বারাসাত সাংগঠনিক জেলা কার্যালয়'-এ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার জানান, "সাময়িক আবেগের বশবর্তী হয়ে দলের সঙ্গে যাবতীয় সংশ্রব ছিন্ন করে নির্দল প্রার্থী রূপে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাপস মিত্র, আজ উনি সেই মনোনয়ন পত্র বিধিবদ্ধভাবে প্রত্যাহার করে নিয়েছেন।"

বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পাশে বসে তাপস মিত্র সাংবাদিকদের জানিয়েছেন, "আমার সেই মুহূর্তের অবস্থানে কোনো ভুল ছিল না বলে দলের উর্ধতম কর্তৃপক্ষ আমার দলত্যাগের আবেদন মঞ্জুর করেনি। নির্বাচনের প্রাক্কালে আমাকে দলত্যাগ করতে নিষেধও করেছেন। তাঁদের নির্দেশ ও অনুরোধে আমি আমার অবস্থান পরিবর্তন করলাম।"

তবে দলীয় রক্তচক্ষুর কারণে না ব্যক্তিগত বোধোদয়ের কারণে তাপস মিত্র-র মনোনয়ন পত্র প্রত্যাহার বা দলে প্রত্যাবর্তন সেটা ঠিক পরিস্কার নয়। তাপস মিত্র মনোনয়ন পত্র প্রত্যাহার করে দলে ফিরে এলেও দুটো প্রশ্নের এখনো মীমাংসা হয়নি। 

প্রথম প্রশ্ন, তাপস মিত্র যখন 'ভারতীয় জনতা পার্টি'-র পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকারিণী সমিতির সদস্য তখন তাপস মিত্র-র প্রত্যাবর্তন দলীয় প্রদেশ কার্যালয়ে না হয়ে বারাসাত সাংগঠনিক জেলা কার্যালয়ে হল কেন ?

দ্বিতীয় প্রশ্ন, তাপস মিত্র-র দলে প্রত্যাবর্তনের সময় ভারতীয় জনতা পার্টি-র কোনো চেনামুখ বা বরিষ্ঠ নেতানেত্রীকে ওই সাংবাদিক সম্মেলনে দেখা গেলনা কেন ?

আর এখান থেকেই জন্ম নিচ্ছে কতগুলো ইতর প্রশ্ন, তবে কী তাপস মিত্র দলীয় রক্তচক্ষুর কাছে মাথা নত করতে বাধ্য হলেন না কি কাঁটা দিয়ে কাঁটা তোলার মানসিকতা নিয়ে দলের অন্যতম কেন্দ্রীয় মহাসচিব সঞ্জয় বনসলের অনুরোধকে ঢাল বানিয়ে দলের ভেতরে থেকে দলীয় প্রার্থীকে হারানোর জন্য পুনরায় দলে ফিরলেন তাপস মিত্র। 

যদিও দলের তরফে জানানো হয়েছে, "দল যখন ওঁনার পদত্যাগ পত্র গ্রহণই করেনি, তখন প্রত্যাবর্তনের কথা তো আসেই না। তাই দলের কোন কার্যালয়ে উনি বসে সাংবাদিকদের সাথে কথা বললেন ওটা কোনো বিষয়ই নয়।"

তবে দল যাই বলুক না কেন, তাপস মিত্র নিজেই জানিয়েছেন, "গত ৫ এপ্রিল ভারতীয় জনতা পার্টি-র রাজ্য সভাপতি সহ অন্যত্র আমার পদত্যাগপত্র পাঠিয়েছিলাম এবং ৯ এপ্রিল নির্দল প্রার্থী রূপে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজ ১৩ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহার করে দলীয় কার্যালয়ে এলাম।"


Comments