বারাকপুর (২৪ এপ্রিল '২৬):- মোবাইল-কম্পিউটার বা টিভির স্ক্রিনের উপর আসক্তি কমিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক কসরতমুখী করার উদ্দেশ্যে আজ ইছাপুরের 'ইস্ট পয়েন্ট স্কুল'-এ ডাবর হজমোলা পরিচালনা করল 'মস্তী কী পাঠশালা'।
অনুষ্ঠানে উপস্থিত থেকে পুষ্টিবিদ ডঃ সঞ্চিতা শীল জানিয়েছেন, "চিকিৎসা বিজ্ঞানের মতে; আজকের দিনের কিশোর-কিশোরীরা তাদের প্রাত্যহিক পঠনপাঠনের পাশাপাশি যতটা সময় মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ বা কম্পিউটার মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তার সিকিভাগ সময়ও যদি রোজ ঘরের বাইরে বা ভিতরে শারীরিক কসরত করতে ব্যয় করত তাহলে অসময়ে অস্বাভাবিক স্থুলত্ব, বদহজম, অম্লত্বর মতো নানাবিধ অস্বস্তিদায়ক পীড়ায় জেরবার হত না।"
ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানের প্রাক্কালে 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার দীনেশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "উত্তর প্রদেশের পর পশ্চিমবঙ্গের বিদ্যালয় সমূহের ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে ডাবর হজমোলা-র শারীরিক কসরতমুখী 'মস্তী কী পাঠশালা' নামাঙ্কিত সময়োপযোগী এই কর্মকাণ্ড চালানো হচ্ছে। ইতিমধ্যে দুই রাজ্যের ৫ শতাধিক বিদ্যালয়ের ২.৫ লাখের বেশি ছাত্রছাত্রীর সামনে শারীরিক পরিশ্রমের গুনগুন ব্যাখ্যা করা হয়েছে।আজ 'ইস্ট পয়েন্ট স্কুল'-এর ছাত্রছাত্রীদের সামনে নিয়মিত হালকা পরিশ্রমের উপদেশ প্রদানের পাশাপাশি লাফদড়ি খেলা, চামচ-লেবু প্রমুখ প্রতিযোগিতায় বিজয়ী এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।"



Comments
Post a Comment