স্বাভাবিক ছাত্রছাত্রীদের সাথে মিলিতভাবে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করল তুলির টানের ছাত্রছাত্রীরা


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২০ এপ্রিল '২৬):- স্বাভাবিক ছাত্রছাত্রী এবং বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরী ছাত্রছাত্রীদের মেলবন্ধনে আজ সন্ধ্যায় সংস্থার ২৬তম বর্ষপূর্তি উপলক্ষ্যে কলকাতার 'মধুসূদন মঞ্চ'-এ শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান উপহার দিল 'তুলির টানে'।

'তুলির টানে' হল এমন এক ধরণের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্বাভাবিক কিশোর-কিশোরী ছাত্রছাত্রীদের সাথে একই ছাদের তলায় প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শিক্ষিকাদের সহায়তায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোর-কিশোরীদেরও নিয়মিত অঙ্কন, সঙ্গীত ও নৃত্যের তালিম দেওয়া হয়।

অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার প্রতিষ্ঠাতা এবং কর্ণধার ডঃ নুপুর মুখার্জি জানিয়েছেন, "আজ মোট ৭২ জন ছাত্রছাত্রী বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, এদের মধ্যে কমবেশি ৩২ জন রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী।"

বলে রাখা ভালো, সংস্থার ২৬ তম বর্ষপূর্তির অনুষ্ঠান মঞ্চ থেকে 'তুলির টানে' এই বছর প্রাচীন কলাকেন্দ্র থেকে কত্থক-এর বিশারদ পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করার জন্য অরিত্রা মণ্ডল, কত্থক-এর বিশারদ পরীক্ষায় প্রথম ১০ জনের মধ্যে স্থানাধিকার করার জন্য সুমিতা মিত্র এবং সিবিএসসি-র দশম শ্রেনীর পরীক্ষায় ৬৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য বিশেষ চাহিদা সম্পন্ন আরত্রিকা মুখার্জিকে সংবর্ধিত করে।

Comments