কেন্দ্রীয় সরকারের কাছে রপ্তানি শুল্কের পুনর্মূল্যায়নের আবেদন করল এফসিডিএ কর্তৃপক্ষ


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১০ মার্চ '২৬):- "লৌহ ঢালাই শিল্প (Foundry)-র অস্তিত্ব রক্ষার খাতিরে অবিলম্বে রপ্তানি শুল্কের পুনর্মূল্যায়ন ও বাস্তবায়ন করা উচিত কেন্দ্র সরকারের," আজ কলকাতার 'বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রী'-তে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এইরকমই এক আবেদন রাখল 'ফাউণ্ড্রি ক্লাস্টার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন', 'দ্য ইনস্টিটিউট অব ইণ্ডিয়ান ফাউণ্ড্রিমেন' ও 'হাওড়া ফাউণ্ড্রি অ্যাসোসিয়েশন'-এর সম্মানিত কার্যকর্তা ও সদস্য-সদস্যাবৃন্দ।

আজ কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে 'ফাউণ্ড্রি ক্লাস্টার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন'-এর সংযুক্ত অধ্যক্ষ বিজয়শঙ্কর বেরিওয়াল (Vijoy Shankar Beriwal, Joint Chairman, FCDA) জানান, "ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ সংক্রান্ত ভূরাজনৈতিক সমস্যার কারণে বর্তমানে ভারতের লৌহ ঢালাই শিল্প তীব্র সঙ্কটে পড়েছে। একদিকে উত্তরোত্তর দাম বেড়ে চলেছে প্রয়োজনীয় কাঁচামালের, অপরদিকে উৎপাদিত সামগ্রীর দামও হুটহাট করে বাড়ানো যাচ্ছে না। এই অবস্থা বেশিদিন চলতে থাকলে বিপন্ন হবে পশ্চিমবঙ্গ তথা ভারতের লৌহ ঢালাই শিল্প।"

'ফাউণ্ড্রি ক্লাস্টার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন'-এর পক্ষ থেকে জানানো হয়েছে,"স্টিল গ্রেডের উপযোগী অপরিশোধিত লোহা (Pig Iron) এই বছরের শুরুতেও যেখানে ৩৬,৫০০ টাকায় পাওয়া যেত সেখানে আজ তার দাম চলছে ৪১,৫০০ টাকা। অন্যদিকে ফাউণ্ড্রি গ্রেড (এম/টি)-এর উপযুক্ত অপরিশোধিত লোহা যেখানে ৪০ হাজার টাকায় পাওয়া যেত আজ তার দাম চলছে ৪৫ হাজার টাকা। তিন মাসে কাঁচামালের দাম বেড়েছে ১৩ শতাংশ। 

এর পাশাপাশি এই বছরের জানুয়ারি মাসে শিল্পের ক্ষেত্রে প্রয়োজনীয় রেজিন যেখানে প্রতি কেজি ১০০ টাকায় পাওয়া যেত এই মাসে তার দাম এসে দাঁড়িয়েছে প্রতি কেজি ১৬০ টাকায়, অপরদিকে অনুঘটক যেখানে প্রতি কেজি ৫০ টাকা দরে পাওয়া যেত, আজ তার দাম চলছে প্রতি কেজি ৭৫ টাকা। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের শুল্কের চাপ। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার যদি অবিলম্বে সদর্থক কোনো ভূমিকা না নেয়, তাহলে অস্তিত্ব সঙ্কটে পড়তে পারে ভারত তথা পশ্চিমবঙ্গের লৌহ ঢালাই শিল্প।"

আজকের সাংবাদিক সম্মেলনে ফাউণ্ড্রি ক্লাস্টার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন' (FCDA)-এর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন 'দ্য ইনস্টিটিউট অব ইণ্ডিয়ান ফাউণ্ড্রিমেন' (IFA) ও 'হাওড়া ফাউণ্ড্রি অ্যাসোসিয়েশন' (HFA)-এর প্রশাসকবর্গ।

Comments